দুর্দশায় পড়া বার্সেলোনা কোচ টাটা মার্টিনো স্বীকার করে নিয়েছেন, স্প্যানিশ লিগের শিরোপা লড়াই এখন আর তাদের হাতে নেই। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা গত শনিবার রাতে অবনমনের শঙ্কার মধ্যে থাকা গ্রানাডার মাঠে ১-০ গোলে হেরে যাওয়ার বিপরীতে আলমেরিয়ার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ৪-০ গোলের জয়ে এ পরিস্থিতি দেখা দেয়।
পরিস্থিতি এখন যা তাতে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর লিওনেল মেসিরা লা-লিগার শিরোপা ধরে রাখতে পারবে কিনা, এ নিয়েই শঙ্কা দেখা দিলো। এর আগে গত বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় স্প্যানিশ জায়ান্টরা। সর্বশেষ হারটির পর বার্সেলোনা ৩৩ খেলা শেষে আগের অর্জন ৭৮ পয়েন্ট নিয়ে লা লিগায় তৃতীয় স্থানে গড়িয়ে গেল।
রিয়াল মাদ্রিদ এই রাতে অ্যালমেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে কেবল দ্বিতীয় স্থানটিই ধরে রাখেনি, চলতি মৌসুমে শিরোপা লড়াইকে স্প্যানিশ রাজধানীতে সীমাবদ্ধ করে ফেলার আয়োজন করলো। কেননা ৩৩ খেলা শেষে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলো রিয়াল। অপরদিকে এক খেলায় কম অংশ নিয়ে সমান ৭৯ পয়েন্টে শীর্ষে আছে অ্যাটলেটিকো। কোচ দিয়েগো সিমিওনির দল গতকাল রাতে গেটাফের মাঠে জিতলে তাদের নগর প্রতিদ্বন্দ্বীদের চাইতেও তিন পয়েন্টে এগিয়ে থাকবে।
গ্রানাডা নিজেদের মাঠে ইয়াসিন ব্রাহিমির ১৬ মিনিটের গোলে এগিয়ে যাওয়ার পর বার্সেলোনা আর তা শোধ করতে পারেনি। হারটির পর বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ বলে জানিয়েছেন কোচ জেরার্ডো মার্টিনো। এ ব্যাপারে তিনি বলেন, ‘আজ থেকে লা লিগা আর আমাদের উপর নির্ভর করছে না।’ তিনি অবশ্য নিজের দলকে দুষতে রাজী নন। তার মতে- খেলোয়াড়রা সম্ভাব্য সব চেষ্টাই করেছে। মার্টিনো বলেন, ‘আমরা গোল করতে পারিনি। আমরা আক্রমণগুলোর পরিপূর্ণতা দিতে পারিনি। এটা একটা বিপর্যয় যা মাঝে মাঝে ফুটবলে ঘটে থাকে।’
মার্টিনো অবশ্য রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বুধবারের কোপা ডেল রের ফাইনালকে সামনে রেখে জাবি, জর্ডি আলভা ও দ্যানি আলভেজকে বিশ্রামে রাখেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল এটাই তার সবচাইতে বাজে সপ্তাহ কিনা। জবাবে আর্জেন্টাইন কোচটি বলেন, ‘কেউ সেরকমটা বলতে পারে’।
এক সপ্তাহের ব্যবধানে দুইটি গুরুত্বপূর্ণ খেলায় হারের পর এখন বার্সেলোনার লক্ষ্য বুধবারের কোপা ডেল রের ফাইনালটি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে খেলাটির প্রাক্কালে কোচ মার্টিনো জানান, তিনি আরেকটি শিরোপা হাতছাড়া করতে নারাজ, ‘দুইটি হারের পর দলের সবাই গুরুত্বপূর্ণ কিছু হারিয়েছে বলে মনে করছে; কিন্তু বুধবারের খেলাটি হলো ফাইনাল এবং আমরা জেতার জন্যই খেলব।’
