মিষ্টির প্যাকেটে কাফনের কাপড় ও বোমা পাঠিয়ে জাতীয় পার্টির সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী সহর আলীর অনুসারীরা এই চাঁদা দাবি করেছে। এই ঘটনায় কাফরুল থানায় সাধারণ ডায়েরি করেছেন সাবেক এই সংসদ সদস্য।
পুলিশ জানায়, গত শনিবার রাতে কাফরুল থানার সেনপাড়ার ১৬৯/৪ নম্বর বাড়ির প্রধান গেটে মিষ্টির প্যাকেটটি রেখে রেজাকে ফোন দেয় সন্ত্রাসীরা। পরে তিনি গেটে গিয়ে দেখেন মিষ্টির প্যাকেট রাখা। তার উপর একটা চিরকুট রাখা আছে।
গোলাম রেজা সাংবাদিকদের জানান, শনিবার রাত সোয়া ৯টার দিকে জীবন ও দোলন নামের দুই যুবক দু’টি আলাদা নম্বর থেকে ফোন দিয়ে তাকে জানায় বাড়ির গেটে একটি মিষ্টির প্যাকেট রাখা হয়েছে এটা দ্রুত দেখুন। এরপর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে গেটে গিয়ে দেখেন সত্যি একটি প্যাকেট রয়েছে। প্যাকেটের উপরে হাতে লেখা একটি চিরকুট রয়েছে। তিনি চিরকুটে সন্ত্রাসীদের লেখা উল্লেখ জানান, চিরকুটে দাবি করা হয়েছে তারা সন্ত্রাসী সহর আলীর লোক। তারা চার ভাই দীর্ঘদিন জেল খেটে এসেছে। তাদের কেউ সাহায্য করেনি।
