ইন্টারনেট ছড়িয়ে দিতে ড্রোন নির্মাতাকে কিনে নিল গুগল

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ১৯:২৫
বিশ্বব্যাপী ইন্টারনেট ছড়িয়ে দিতে গুগল কিনে নিয়েছে ড্রোন নির্মাতা টাইটান অ্যারোস্পেসকে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে প্রকাশ, গুগল’র একজন কর্মকর্তা টাইটান অ্যারোস্পেস কিনে নেওয়ার খবরটি নিশ্চিত করেছে। তবে এর জন্য গুগলকে কত টাকা খরচ করতে হয়েছে, তার সঠিক কোনো পরিমাণ জানা যায়নি। টাইটান অ্যারোস্পেস মূলত সৌরশক্তিতে চালিত ড্রোন তৈরি করে থাকে যেগুলোকে অনেক বেশি উচ্চতায় কাজ করতে সক্ষম। এই ড্রোন ব্যবহার করে গুগল বিশ্বের বিভিন্ন স্থানের ছবি সংগ্রহ করবে এবং বিশ্বের যেসব অংশ এখনও ইন্টারনেটের সাথে সংযুক্ত নয়, সেসব স্থানে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার কাজ করবে। গুগল’র চলমান প্রজেক্ট লুনের সাথেই এই ড্রোন কাজ করবে বলে জানিয়েছে গুগল। টাইটান অ্যারোস্পেস জানিয়েছে তাদের তৈরি সোলারা ড্রোনগুলোর মাধ্যমে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার কাজটি সহজেই করা যাবে। এই ড্রোনগুলো সেকেন্ডে ১ গিগাবিট পর্যন্ত গতির তারহীন ইন্টারনেট সংযোগ তৈরিতে সক্ষম। ইতোমধ্যেই তারা গুগল’র জন্য দুইটি ভিন্ন আকৃতির ড্রোন তৈরিতে মনোনিবেশ করেছে। তাদের সোলারা ড্রোনের মতোই এগুলোতেও সৌরশক্তি চালিত ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। আগামী বছরের শুরুতেই এসব ড্রোন কাজে নামবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে গুগল’র একজন মুখপাত্র জানিয়েছেন, ‘বিশ্বকে বদলে দিতে প্রযুক্তির অপার সম্ভাবনায় বিশ্বাস করে গুগল এবং টাইটান অ্যারোস্পেস। ড্রোন ব্যবহার করে বিশ্বব্যাপী ইন্টারনেট ছড়িয়ে দেওয়া এখনও পর্যন্ত সম্ভাবনার জায়গায় থাকলেও এটি সম্ভব বলেই আমরা বিশ্বাস করি। আর সে কারণেই আমরা টাইটান অ্যারোস্পেসকে গুগলে স্বাগত জানানোর জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’ এর আগে ফেসবুক ইন্টারনেট ছড়িয়ে দিতে একই ধরনের পরিকল্পনা নিয়ে টাইটান অ্যারোস্পেসকে কিনতে চাইলেও পরে তারা অ্যাসেন্টা নামক যুক্তরাজ্যের একটি অ্যারোস্পেস কোম্পানিকে কিনে নিয়েছে।