তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার হিসেবে গণ্য করে এ খাতের সাথে সংশ্লিষ্টদের আগামী সাত বছরের জন্য ট্যাক্স হলিডে সুবিধা দিয়ে বাজেটে ৭০০ কোটি টাকার বরাদ্দ চেয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। একইসাথে তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট সকল যন্ত্রাংশ ও অনুষঙ্গ যৌক্তিকভাবে সমহারে শুল্কায়িত করতে এইচএস কোডের শ্রেণী স্থানীয়ভাবে পুনর্বিন্যাস অথবা কর হার সুবিন্যস্ত করার দাবি জানানো হয়েছে। ইন্টারনেট ব্যবহারের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার, ই-বাণিজ্যে খুচরা বিক্রয় পর্যায়ে মূল্য সংযোজন কর প্রত্যাহারসহ সাত দফা দাবি জানানো হয়েছে। গতকাল বিসিএস মিলনায়তনে আয়োজিত বাজেট প্রস্তাবনা শীর্ষক মিট দ্য প্রেসে এসব দাবি জানান বিসিএস কার্যনির্বাহী কমিটি। অনুষ্ঠানে বিসিএস-এর ৮টি শাখা কমিটির সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
