গেমিংয়ের জন্য এখন পিসি বা গেম কনসোলের পাশাপাশি অ্যান্ড্রয়েডকেও বেছে নিচ্ছেন অনেকেই। চলার পথে হাতে থাকা অ্যান্ড্রয়েডই কাজের চাপের একটু ফুসরতে গেম খেলে নেওয়ার সুবিধা দিচ্ছে। অ্যান্ড্রয়েডের জন্য তৈরি গেমেরও অভাব নেই। উচ্চমূল্যের গেমের পাশাপাশি রয়েছে কিছু ফ্রি গেমও। এমন কিছু ফ্রি গেমের কথা তুলে ধরা হলো এই লেখায়
অ্যাংরি বার্ড
অ্যান্ড্রয়েড গেমের মধ্যে শুরুতেই আসবে অ্যাংরি বার্ডের নাম। ইতোমধ্যেই এর বেশ কয়েকটি সিরিজ অবমুক্ত হয়েছে এবং সেগুলো যথারীতি জনপ্রিয়ও হয়েছে। এগুলোর মধ্যে যেমন রয়েছে পাজল গেম, তেমনি একটি রেসিং গেমও রয়েছে। ফলে অ্যান্ড্রয়েডে গেম খেলতে গেলে অ্যাংরি বার্ড সিরিজ হতে পারে প্রথম পছন্দ।
অ্যাসফল্ট ৮ :এয়ারবর্ন
অ্যান্ড্রয়েডের জন্য যতগুলো রেসিং গেম রয়েছে, তার মধ্যে সেরা একটি গেম হলো অ্যাসফল্ট ৮ :এয়ারবর্ন। এই গেমের বিভিন্ন উপাদান কেনার সুযোগ থাকলেও সম্পূর্ণ বিনামূল্যেই পুরো গেমটি খেলে শেষ করা যায়। এর গ্রাফিক্সের কাজ অসাধারণ। সেইসাথে রয়েছে বড় বড় সব রেসিং প্রতিযোগিতা। রেসিং গেমের ভক্তদের জন্য এটি হতে পারে সময় কাটানোর জন্য আদর্শ একটি গেম।
ব্যাটল ন্যাশনস
পিসি এবং গেম কনসোলে স্ট্র্যাটেজি গেম খেলার মজাই আলাদা। একই ধরনের মজা অ্যান্ড্রয়েডেও পেতে খেলতে পারেন ব্যাটল ন্যাশনস নামের স্ট্র্যাটেজি গেমটি। এই গেমে রয়েছে ৫০০টি ভিন্ন ভিন্ন মিশন এবং শতাধিক আলাদা আলাদা ট্রুপ নিয়ে খেলা যায় গেমটি। স্ট্র্যাটেজি গেমের ভক্তরা অ্যান্ড্রয়েডের জন্য বেছে নিতে পারেন গেমটি।
বিজুয়েলড ব্লিটজ
বিজুয়েলড ব্লিটজ গেমটির কথা নতুন করে বলার কিছু নেই। পাজল ঘরানার এই গেমটি ২০১৩ সালে গুগল প্লে স্টোরে গেমারদের পছন্দের সেরা গেম হিসেবেও মনোনীত হয়েছে। খুব সাধারণ এই গেমটি খেলতে খেলতে আসক্তিও ধরে যায়। তাই সময় কাটাতে এই গেমটিকেও বেছে নিতে পারেন নিশ্চিন্তে।
ক্যান্ডি ক্রাশ সাগা
মোবাইল ডিভাইসের গেমগুলোর মধ্যে আরেকটি অসম্ভব জনপ্রিয় গেমের নাম ক্যান্ডি ক্রাশ সাগা। এই গেমটিতে রয়েছে ৪০০টি লেভেল। এই গেমটি আবার ফেসবুক ব্যবহার করে ফেসবুকের বন্ধুদের সাথে খেলার সুবিধাও রয়েছে। ফলে যারা বন্ধুদের নিয়ে গেম খেলতে পছন্দ করতে পারেন, তাদের জন্য ক্যান্ডি ক্রাশ সাগা হতে পারে প্রথম পছন্দ।
ফিফা ১৪
অ্যান্ড্রয়েডের জন্য যে কয়েকটি স্পোর্টস গেম রয়েছে, তার মধ্যে সেরা বলতে হবে ইএ স্পোর্টসের ফিফা ১৪ গেমটিকে। গেম কনসোল বা পিসির মতো এত মজা অ্যান্ড্রয়েডে এটি দিতে না পারলেও এটি সেরা একটি গেমই। ৫টি ভাষায় এই গেমে ৬০০টি দল নিয়ে ৩৩টি লিগ খেলার সুযোগ রয়েছে। পছন্দের সকল ফুটবলারকে নিয়েই এই গেমে তৈরি করতে পারবেন পছন্দের সব দল। ফুটবল ভক্তদের জন্য তাই ফিফা ১৪ অ্যান্ড্রয়েড-ই হয়ে উঠতে পারে ভরসা।
সানজিদা সুলতানা
