হার্ডডিস্কের স্টোরেজকে প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নেওয়ার প্রযুক্তি উদ্ভাবনে যে কয়েকজন পথিকৃতের ভূমিকা রেখেছেন, তাদেরই একজন হলেন স্টুয়ার্ট পারকিন। ব্রিটিশ এই পদার্থবিজ্ঞানী জন্মগ্রহণ করেন ১৯৫৫ সালে। তিনি ট্রিনিট্রি কলেজ, কেমব্রিজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং সেখানকার রিসার্চ ফেলো হিসেবে মনোনীত হন। পরে তিনি কেমব্রিজের ক্যাভেনডিশ ল্যাবরেটরি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৯৮২ সালে তিনি যোগদান করেন আইবিএম-এ। ১৯৯৯ সালে তাকে আইবিএম ফেলো হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।
আইবিএম-এ কাজ করার সময়েই পারকিন স্টোরেজ নিয়ে কাজ শুরু করেন। এ সময় তিনি ‘স্পিন ভালভ’ উদ্ভাবন করেন যার মাধ্যমে হার্ডডিস্কের স্টোরেজ ক্ষমতা সহস্রগুণ বাড়িয়ে তোলা সম্ভব হয়। ১৯৯৫ সালে তিনি অধিক কর্মদক্ষতার ম্যাগনেটিক র্যান্ডম অ্যাকসেস মেমোরি (র্যাম) তৈরির প্রস্তাবনা রাখেন। কাজের স্বীকৃতিস্বরূপ পারকিন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রচুর পুরস্কার ও সম্মাননা লাভ করেন।
