কৃষি জমি রক্ষায় নীতিমালা প্রণয়নের নির্দেশ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২১:৪১
হাইকোর্টের রুল কৃষি জমি হ্রাস ও অকৃষি কাজে ব্যবহার বন্ধে নীতি প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভূমি সচিব, পরিকল্পনা সচিব, কৃষি সচিব ও খাদ্য সচিবকে নিয়ে কমিটি গঠন এবং উক্ত কমিটিকে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। এছাড়া কৃষি জমি সংরক্ষণে বিবাদীদের নিষ্ক্রিয়তা/ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে সরকারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৯ এপ্রিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে কৃষি জমি হ্রাস বন্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আবেদনে বলা হয়, ২০০১ সালে সরকার জাতীয় ভূমি ব্যবহার নীতিমালা করেছিলো। সেই নীতিমালা করার পরও কৃষিজমি হ্রাস বন্ধ হয়নি। বরং বিভিন্ন অকৃষি কাজে তার ব্যবহার বেড়েই চলছে। এভাবে চলতে থাকলে খাদ্য উত্পাদনে প্রভাব পড়তে বাধ্য। তাই এর লাগাম টেনে ধরতে উচ্চ আদালতের নির্দেশনা প্রয়োজন। আদালতে আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান শুনানি করেন।