পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার যে স্বপ্ন দেখছেন তা ‘দিবাস্বপ্ন’ ছাড়া আর কিছু নয়। মোদী এখন স্বপ্নের ঘোরে আছেন বলে উল্লেখ করেছেন মমতা। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বলেছেন, মোদীর রাজ্যের সঙ্গে তার নিজের রাজ্যের কোনো তুলনাই হয় না। পশ্চিমবঙ্গের মানুষ গুজরাটের চেয়ে ঢের সুখে আছে বলে তিনি উল্লেখ করেন।
মমতা বলেন, নির্বাচনের পর ‘ফেডারেল ফ্রন্ট গভর্ণমেন্ট’ গঠিত হবে’। তাই বিজেপি নেতার আশা পূরণ হবার নয়। বিজেপির ক্ষমতায় আসার কিংবা মোদীর প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা নিয়ে যারা গল্পে মেতে ওঠেন তাদের দেখলে হাসি পায়। মমতা আরো বলেন, পশ্চিমবঙ্গের ভিক্ষার থালার দরকার নেই। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট শাসকদের তিন দশক ধরে সৃষ্টি করা বোঝা ধীরে ধীরে ঘাড় থেকে নামছে বলে উল্লেখ করেন তৃণমূল নেত্রী। যারা মোদীর ‘গুজরাট মডেল’ বলে গলা ফাটাচ্ছেন তাদের কঠোর সমালোচনা করেন মমতা। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের শুভাকাঙ্খী দল একমাত্র তৃণমূল কংগ্রেস। বিজেপির ক্ষমতায় আরোহণের সম্ভাবনার খবরে সংখ্যালঘুদের কপালে দুশ্চিন্তার রেখা ফুটে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি মুসলিম ছাত্রদের এবং উর্দু মিডিয়ামের জন্য ৫৭ লাখ বৃত্তি দিয়েছেন বলে জানান। পিটিআই।
