দেড় মাস পর অফিসে সিইসি

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২৩:০২
দীর্ঘ দেড় মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে গত সোমবার দেশে ফিরে গতকাল মঙ্গলবার অফিস করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। গতকাল সকাল সাড়ে ৯ টায় অফিসে এসে চার কমিশনার ও ইসি সচিবসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের খোঁজ-খবর নেন সিইসি। বিকাল সাড়ে ৪টার দিকে বেরিয়ে যান রকিবউদ্দীন। তবে এ সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলেননি। চতুর্থ উপজেলা নির্বাচনের মাঝপথে গত ৩ মার্চ সস্ত্রীক নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশনার। যুক্তরাষ্ট্রে বসবাসরত মেয়ের বাসায় যান তিনি। এক মাস ১১ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন তিনি। এর মধ্যে একমাস ব্যক্তিগত ছুটিতে এবং বাকি সময়গুলো অফিসিয়াল কাজে যুক্তরাষ্ট্রে ছিলেন সিইসি। তবে উপজেলা নির্বাচনের মধ্যে যুক্তরাষ্ট্র গমন নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। সিইসির উপস্থিতিতে প্রথম দু’ধাপের নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়। তবে পরবর্তী ধাপগুলোতে নির্বাচনে কেন্দ্র দখল ও সহিংসতার ঘটনা বৃদ্ধি পায়। এই অবস্থায় দেশত্যাগ করে সমালোচনা মুখে পড়েন তিনি। নির্বাচন সুষ্ঠু করার তাগিদ দিয়ে পরে যুক্তরাষ্ট্র থেকে বাধ্য হয়ে দায়িত্বপ্রাপ্ত সিইসিসহ অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাদেরক দু’দফায় ই-মেইল করেন সিইসি। কাজী রকিবউদ্দিন আহমদ আর দায়িত্বে থাকছেন না এমন গুঞ্জন উঠেছিল খোদ নির্বাচন কমিশনেই। তিনি আর দেশে ফিরবেন না বলেও অনেক কর্মকর্তা জানিয়েছিলেন। ২১ উপজেলার তফসিল হতে পারে আজ ৬ষ্ঠ ধাপের নির্বাচন যোগ্য ২১ উপজেলা নির্বাচনের তফসিল আজ বুধবার ঘোষণা করা হতে পারে। সকালে কমিশন বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে সিইসির। বোয়ালখালী পৌরসভা নির্বাচন ২১ মে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনের ভোটের দিন নির্ধারণ করা হয়েছে ২১ মে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৪ এপ্রিল, মনোনয়ন যাচাই-বাছাই ২৭ এপ্রিল ও প্রত্যাহার ৫ মে রাখা হয়েছে। এ নির্বাচনে আপিল কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসককে। মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট উপজেলায় পাঠিয়ে দেয়া হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন আজ গত ৩০ মার্চ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন স্থগিত করে আদালত। স্থগিতাদেশ উঠে যাওয়ায় গত ১০ এপ্রিল নতুন ভোটগ্রহণের তারিখ আজ বুধবার নির্ধারণ করে ইসি। এ উপজেলা নির্বাচন পর্যবেক্ষণের জন্য ছয় সদস্যের নিজস্ব পর্যবেক্ষক দল নিয়োগ করেছে নির্বাচন কমিশন।