আগামী বছর থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে আসা সকল স্মার্টফোনে সাধারণ একটি প্রযুক্তি হিসেবে ব্যবহূত হবে অ্যান্টি-থেফট প্রযুক্তি। দেশটির ওয়্যারলেস অ্যাসোসিয়েশন সিটিআইএ গত মঙ্গলবার এক ঘোষণায় এই উদ্যোগের কথা জানিয়েছে। তারা জানিয়েছে ‘স্মার্টফোন অ্যান্টি-থেফট ভলান্টারি কমিটমেন্টে’র আওতায় যুক্তরাষ্ট্রের বড় বড় সব মোবাইল নির্মাতা ও অপারেটর এই প্রযুক্তি ব্যবহারে সম্মত হয়েছে। এসব কোম্পানির মধ্যে রয়েছে অ্যাপল, স্যামসাং, ভেরিজন ওয়্যারলেস, এটিঅ্যান্ডটি, ইউএস সেলুলার, স্প্রিন্ট এবং টি-মোবাইল। সাম্প্রতিক সময়গুলোতে স্মার্টফোন চুরির পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর এই সিদ্ধান্ত অনুসারে আগামী বছর থেকে যুক্তরাষ্ট্রের বাজারে যত স্মার্টফোন বিক্রি হবে, তার সবগুলোতেই বিনামূল্যে বিল্ট-ইন হিসেবে অথবা বিনামূল্যে ডাউনলোডের জন্য উন্মুক্ত থাকবে স্মার্টফোনের চুরি ঠেকানোর এই প্রযুক্তি। এই অ্যাপ্লিকেশন ব্যবহারের ফলে কোনো গ্রাহকের কোনো স্মার্টফোন চুরি হয়ে গেলে দূর থেকেই ওই স্মার্টফোনের সকল তথ্য মুছে ফেলা সম্ভব হবে এবং ফোনটি প্রকৃত গ্রাহক ছাড়া চালু করা যাবে না। নতুন এই প্রযুক্তির সংযুক্তি সম্পর্কে সিটিআইএ সিইও স্টিভ লার্জেন্ট এক বক্তব্যে বলেন, ‘কোনো স্মার্টফোন ব্যবহারকারীর স্মার্টফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে তার জন্য মোবাইল অপারেটর এবং নির্মাতারা একত্রিত হয়ে যে প্রতিশ্রুতি প্রদান করেছে, তা অবশ্যই প্রশংসনীয়। গ্রাহকদের ব্যক্তিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য সংরক্ষণের জন্য এর মাধ্যমে গ্রাহকরা নিজেদের সুরক্ষিত বোধ করবে। এই প্রযুক্তি ব্যবহার করে হ্যাকার বা অপরাধীরা যেন কোনো সুবিধা আদায় না করতে পারে, সেদিকেও নজর দিতে হবে।’ অবশ্য অ্যান্টি-থেফট প্রযুক্তির ব্যবহার এই প্রথম নয়। এর আগে গত বছরে আইফোনে সংযুক্ত করা হয়েছে ‘অ্যাকটিভশেন লক’ ফিচার এবং ‘ফাইন্ড মাই আইফোন’ নামে বিনামূল্যের একটি টুলও রয়েছে অ্যাপল’র। সম্প্রতি স্যামসাং তাদের গ্যালাক্সি এস সিরিজের সর্বশেষ যে স্মার্টফোনটি অবমুক্ত করেছে, তাতেও ‘ফাইন্ড মাই মোবাইল’ এবং ‘রিঅ্যাকটিভেশন লক’ নামে দুইটি অ্যান্টি-থেফট ফিচার যুক্ত করা হয়েছে। তবে অন্যান্য স্মার্টফোনের জন্য এই ধরনের ফিচার চালু নেই। এসব ফিচার স্মার্টফোনের জন্য বাধ্যতামূলক করা হলে তা স্মার্টফোন চুরি রোধ এবং বিভিন্ন গোপনীয় তথ্যের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। তাই এই প্রযুক্তির সংযোজনকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট সকলেই।
