গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার মুরাদপুর এলাকায় দুই গার্মেন্টস কর্মী অপহরণের পর গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ঐ দুই গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে। এ ঘটনায় ঐ দুুই গার্মেন্টস কর্মীর পিতারা কালিয়াকৈর থানায় পৃথক ধর্ষণ ও অপহরণ মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ মো. মোফাজ্জল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার একটি গার্মেন্টসের দুই নারী মঙ্গলবার বিকালে পার্শ্ববর্তী মুরাদপুর এলাকায় বৈশাখী মেলা দেখতে যায়। মেলা শেষে বাসায় ফেরার পথে মুরাদপুর এলাকার ভেরিটাস কারখানার সামনে ৪/৫ জনের একদল বখাটে যুবক তাদের দুইজনকে অপহরণ করে পাশের একটি বনের ভেতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। খবর পেয়ে রাত ১১টার দিকে মৌচাক ফাঁড়ি পুলিশ ঐ বনের ভেতর থেকে তাদের উদ্ধার করে। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
