‘গণসঙ্গীত মানুষের চেতনার স্তরকে শাণিত করে লড়াইয়ে উদ্বুদ্ধ করে’ এই মূলমন্ত্র ধারণ করে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে গণসঙ্গীত সমন্বয় পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী ‘জাতীয় গণসঙ্গীত উত্সব’। বিকাল ৪টায় শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে এই উত্সবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সঙ্গীতজ্ঞ সুজেয় শ্যাম। স্বাগত বক্তব্য রাখবেন উত্সব আহ্বায়ক গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর।
বুধবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান, উত্সবের আহ্বায়ক গোলাম কুদ্দুছ। এ সময় পরিষদের সভাপতি ফকির আলমগীর, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরীফ, শিল্পকলা একাডেমীর সঙ্গীত বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে জানান হয়, উত্সবে দলীয় এবং একক মিলিয়ে প্রায় ৭০০জন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ২৯টি গণসঙ্গীত উত্সবে পরিবেশিত হবে। উদ্বোধনী দিনে পরিষদভুক্ত বিভিন্ন সংগঠনের ৭৪ জন শিল্পী জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন করবেন। তিনদিনের সঙ্গীত উত্সবের গানের সঙ্গে সামঞ্জস্য রেখে আবৃত্তি পরিবেশন করবেন ৯জন আবৃত্তি শিল্পী। তারা হলেন-আহকামউল্লাহ, লায়লা আফরোজ, রফিকুল ইসলাম, নায়লা তারান্নুম কাকলী, ডালিয়া আহমেদ, ঝর্না সরকার, মাহিদুল ইসলাম রেজিনাওয়ালী লীনা ও মাসকুর-এ-সাত্তার কল্লোল। নৃত্য পরিবেশন করবে বহ্নিশিখা, ধ্রুপদ কলাকেন্দ্র ও যশোরের নৃত্য বিতান।
সাংবাদিক সম্মেলনে আরও জানান হয়, কাল শুক্রবার উত্সবের অংশ হিসেবে উত্সব মঞ্চে ‘গণসঙ্গীত: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রবন্ধ পাঠ করবেন ড. সাইম রানা।
চলচ্চিত্র সংসদ আন্দোলনের সুবর্ণ
জয়ন্তী উত্সবের সমাপনী
দেশে চলচ্চিত্র আন্দোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে চলচ্চিত্র সংসদ আন্দোলন যে বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছিল, আজ বৃহস্পতিবার সেই অনুষ্ঠানমালার সমাপনী। সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজা মিলনায়তনে বসবে এই আয়োজন। অনুষ্ঠানে ৩ জন চলচ্চিত্র সংসদ ব্যক্তিত্বকে ‘সুবর্ণ জয়ন্তী পদক’, ৩১ জনকে ‘সুবর্ণ জয়ন্তী স্মারক সম্মাননা’ ও চলচ্চিত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একজনকে বিশেষ সম্মাননা দেয়া হবে।
বুধবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কাজী জাহিদুল ইসলাম, শিল্পকলা একাডেমীর সহকারী পরিচালক মাসুদ সুমন, অন্যতম উদ্যোক্তা বেলায়াত হোসেন মামুন।
