‘তিস্তা মার্চ’ আজ শুরু

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২১:৩১
আন্তর্জাতিক নদীর পানি ভারতকর্তৃক একতরফা প্রত্যাহার, বন্ধ এবং তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে তিস্তা অভিমুখে আজ ‘তিস্তা মার্চ’ কর্মসূচি শুরু। এ উপলক্ষে গতকাল বুধবার মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। নেতৃবৃন্দ বলেন, বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে ‘তিস্তা মার্চ’ শুরু হবে এবং টঙ্গী, গাজীপুর হয়ে সিরাজগঞ্জে পৌঁছাবে। ১৮ এপ্রিল তিস্তা মার্চ সিরাজগঞ্জ থেকে বগুড়া হয়ে রংপুরে এবং ১৯ এপ্রিল রংপুর থেকে ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজে পৌঁছাবে। এরপর লালমনিরহাটের হাতিবান্ধার ডালিয়া তিস্তা ব্যারেজ সংলগ্ন সাধুর বাজারে সমাপনী জনসভা অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন, বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এবং লিখিত বক্তব্য উত্থাপন করেন সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।