রাজধানীতে সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে বুধবার কারখানা মালিকসহ দুইজন আহত হয়েছেন। কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে আহত হয়েছেন প্লাস্টিক কারখানা মালিক মোহাম্মদ মিন্টু। অপরদিকে রামপুরার উলন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন রং মিস্ত্রী সেলিম । তাদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আহত মিন্টুর স্বজনরা জানান, কামরাঙ্গীরচর পুলিশ ফাঁড়ির গলির একটি প্লাস্টিক কারখানার মালিক মিন্টু। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় ৫/৬ জন সন্ত্রাসী কারখানায় ঢুকে কর্মরত শ্রমিকদের কাছ থেকে গণহারে মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। মিন্টু তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তারা আরও জানান, বেশ কিছু দিন আগে থেকে এসব সন্ত্রাসী মিন্টুর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
অপরদিকে গতকাল সকাল ১১টার দিকে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা পশ্চিম উলনের একটি ফোন-ফ্যাক্সের দোকানে গুলি বর্ষণ করে। এ সময় দোকানে আসা রং মিস্ত্রি সেলিম গুলিবিদ্ধ হন।
