দক্ষিণ আফ্রিকার অর্থ পুরস্কার

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২২:০৩
দলীয় পারফরম্যান্সের দারুণ এক পুরস্কার পেল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। এক এপ্রিল পর্যন্ত টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ থাকার সুবাদে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সম্মানিত করলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে (সিএসএ)। টেস্টের এক নম্বর দল হিসেবে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড পেল ৪৭৫,০০০ ডলার। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন সিএসএকে এই চেক প্রদান করেন। সিএসএ’র পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন হারুন লরগাত। ২০১২ সালের আগস্ট মাস থেকে টানা টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার পরে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় দল হিসেবে ছিল অস্ট্রেলিয়া। তারা পেয়েছে ৩৭০,০০০ ডলার। তৃতীয় স্থানে থাকা ভারত পেয়েছে ২৬৫,০০০ ডলার এবং ১৬০,০০০ ডলার পেয়েছে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড। চেক গ্রহণের পরে সিএসএ’র প্রধান হারুন লরগাত বলেন, ‘আমি শুধু দলের খেলোয়াড় আর ম্যানেজমেন্টের হয়ে নয়, বরং সকল দক্ষিণ আফ্রিকানদের হয়ে এই প্রাইজমানি পেয়ে খুবই সম্মান এবং গর্ব অনুভব করছি। এটা যেমন আমাদের জন্য দারুণ সম্মানের ব্যাপার; একই সাথে এই পুরস্কার পাওয়ার সাথে সাথে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেড়ে গেল। আমাদের এখন আগের চেয়ে আরো বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। ২০১৫ সালের বিশ্বকাপের পর এই প্রাইজমানি বেড়ে হবে ১.৩৪ মিলিয়ন ডলার, যা ভাগ করে দেয়া হবে শীর্ষস্থানে থাকা চারটি দলের মাঝে। শীর্ষস্থানে থাকা দল পাবে ৫০০,০০০ ডলার। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দলগুলো পাবে যথাক্রমে ৩৯০,০০০ ডলার, ২৮০,০০০ ডলার এবং ১৭০,০০০ ডলার। আইসিসির পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন দক্ষিণ আফ্রিকার কীর্তিতে তাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘টেস্ট আমাদের ক্রিকেটের সর্বোচ্চ চূড়া। আর এই ফরম্যাটে শীর্ষস্থান ধরে রাখতে পারায় আমি দলটিকে বিশেষভাবে অভিনন্দন জানাতে চাই। শীর্ষ থাকা টেস্ট দলগুলোর মধ্যে পার্থক্য অনেক কম। তাই লড়াইটা অনেক জমজমাট হয়। এখন থেকে আবার নতুন মৌসুম। এবারো তাই আমরা দারুণ লড়াইয়ের আশা করছি। আর নতুন যে কোন ফরম্যাটই আসুক না কেন টেস্টের আবেদন সব সময়ই টিকে থাকবে। তাই এখানে ভাল করতে পারাটাই আসল।’ র্যাংকিংয়ে ১২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রোটিয়ারা। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৫। সবার শেষে অবস্থান করছে বাংলাদেশ। তাদের পয়েন্ট মাত্র ১৯।