সৌখিন ফটোগ্রাফার ছিল ছেলেটি।পড়াশোনার পাশাপাশি ক্যামেরা হাতে এখানে সেখানে ছুটে যাওয়াটাই যেন ছিল তার কাছে নেশা। নৌকায় দাঁড়িয়ে বন্ধুদের ছবি তুলতে গিয়ে কর্ণফুলি নদীতে ডুবে যায় বিশ্ববিদ্যালয় ছাত্র রেদোয়ানুল ইসলাম রক্তিম (২৪)। গত সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে কর্ণফুলি নদীর সদরঘাট এলাকায়। ডুবে যাওয়ার প্রায় ২৮ ঘন্টা পর গত মঙ্গলবার রাত ১১টায় নদীর আনু মাঝির ঘাট এলাকা থেকে রক্তিমের লাশ উদ্ধার করে স্থানীয় জেলেরা। এরপর লাশ হস্তান্তর করা হয় তার বাবা-মায়ের কাছে।
পহেলা বৈশাখ উপলক্ষে গত সোমবার বন্ধুদের নিয়ে সন্ধ্যায় নৌ ভ্রমণে যায় চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র রক্তিম। বোটে দাঁড়িয়ে বন্ধুদের ছবি তুলছিল সৌখিন এই ফটোগ্রাফার। সদরঘাট এলাকায় অসাবধানতাবশত সে নদীতে পড়ে পানিতে তলিয়ে যায়। নিখোঁজ এই তরুণের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করে নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা।
