গোপালগঞ্জের মুকসুদপুরে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার বাটিকামারী লোহাইর ঢালীপাড়া গ্রামের ইসরাইল শেখের মেয়ে নাজমুন নাহারের (২২) বিয়ে হয় একই উপজেলার জোয়ারিয়া গ্রামের সরব আলী ছেলে রাকিব শেখের (২৫) সঙ্গে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এরমধ্যে স্ত্রী নাজমুন নাহার ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
শুক্রবার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখে শ্বশুর বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। নিহত নাজমুন নাহারের বড় বোন আনজু বেগম বলেন, ‘আমার বোনকে ওর শ্বশুর বাড়ির লোকজন মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছে। ওই গ্রামের অনেকে এ কথা বলেছে। আমি এ হত্যার বিচার চাই।’
তবে নাজমুন নাহারের স্বামীর বাড়ির লোকজনের দাবি সে আত্মহত্যা করেছে।
আরও পড়ুন: উল্লাপাড়া ট্রাক চাপায় একজন নিহত
সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
ইত্তেফাক/নূহু
