আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে বাংলাদেশে পাকিস্তান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, এবার যদি নৌকা ক্ষমতায় আসতে না পারে তাহলে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ আফগানিস্তান, পাকিস্তানের মতো হয়ে যাবে। বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগবে। উন্নয়নের ধারা থাকবে না।
গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মীসভায় ছাত্রলীগ সভাপতি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্রলীগ কর্মীদের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি বলেন, প্রতি নিজ আসনের আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করার জন্য ছাত্রলীগ কর্মীদের প্রত্যেকদিন অন্তত এক ঘণ্টা সময় ব্যয় করতে হবে। আপনারা মোবাইলে নিজের আসনের লোকদের সক্রিয় করার চেষ্টা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সিদ্দিক, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
