সব ডিভাইসেই ছবি সিনক্রোনাইজ করবে আইফাই ক্লাউড

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২০:১৩
আধুনিক জীবনযাপনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে ডিজিটাল সব ডিভাইস। আর এসবের মাধ্যমে যে কাজগুলো এখন অনেক বেশি করা হয়, তার তালিকায় শীর্ষেই থাকবে ছবি তোলা। বিভিন্ন স্মার্টফোন, ট্যাবলেট পিসি ছাড়াও এখন মানুষের হাতে হাতে ছড়িয়ে পড়েছে ডিজিটাল সব ক্যামেরা। ছবির পরিমাণ তাই এখন ছাড়িয়ে গেছে যেকোনো সময়কেই। ছবি তোলার সাথে সাথে আবার ছবি শেয়ার করার প্রবণতা এখন কাজ করে থাকে সকলের মধ্যেই। স্মার্টফোন, ট্যাবলেট পিসি কিংবা ল্যাপটপে তোলা ছবি সরাসরিই শেয়ার করা যায় অনলাইনে প্রায় সাথে সাথেই। ক্যামেরার মাধ্যমে এই সুবিধাটি পাওয়া যায় না। সাম্প্রতিক সময়ে ওয়াই-ফাই সমর্থিত ক্যামেরাগুলোতে অবশ্য এই সুবিধাটি রয়েছে। কিন্তু বেশিরভাগ ক্যামেরাতেই নেই ওয়াই-ফাই সুবিধা। সেক্ষেত্রে ওয়াই-ফাই মেমোরি কার্ড ক্যামেরাতে ওয়াই-ফাই সংযোগ প্রদান করতে পারে। সেই কাজটিই করেছে আইফাই। তারা মূলত তৈরি করে থাকে ওয়াই-ফাই এসডি কার্ড, যে কার্ড ব্যবহার করে ক্যামেরা থেকে তোলা ছবি সরাসরি শেয়ার করা যায় অনলাইনে। শুধু তাই নয়, এই মেমোরি কার্ড তাদের সেবার পরিধি আরও খানিকটা বাড়িয়ে তুলেছে। এর মাধ্যমে এখন যেকোনো ডিভাইসেই সিনক্রোনাইজ করা যায় এতে সংরক্ষিত যেকোনো ছবি। এই এসডি কার্ড ক্যামেরায় সংযুক্ত করে এর জন্য প্রয়োজনীয় আইওএস বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিলেই এটি ওই ডিভাইসে কার্ডে থাকা সব ছবিতে সিনক্রোনাইজ করে নিবে। আর এরপর স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতে তোলা ছবি যেমন এডিট করা যায়, তেমনি শেয়ারও করা যায় খুব সহজেই। এর বাইরে আইফাই ক্লাউডে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিলে এই কার্ডের ছবিগুলো ক্লাউডেও সংরক্ষিত হয়ে যাবে। এরপর ওয়েব ব্রাউজার কিংবা মোবি অ্যাপসের মাধ্যমে ওই ক্লাউডে থাকা সব ছবিকেও নিজের পছন্দমতো সাজিয়ে রাখা যাবে এবং শেয়ার করা যাবে। সেখান থেকে কিছু কিছু ছবি বাছাই করে নিয়ে অ্যালবাম তৈরি এবং তা শেয়ার করার সুযোগও থাকছে। ক্লাউডে থাকা ছবিগুলো পূর্ণ রেজ্যুলেশনে ডাউনলোড করা বা ছবির জন্য আলাদা আলাদা লিংক তৈরিও করা যাবে। ফলে এই কার্ডে তোলা ছবি আসলে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়বে আপনার সকল ধরনের ডিভাইসে এবং ক্লাউডেও।