অচিরেই বাংলাদেশ থেকে তথ্য প্রযুক্তিজ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ রপ্তানি সম্ভব হবে। আর এর জন্য সহায়ক হবে ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই) পরীক্ষা। এমন আশাবাদ ব্যক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দীকি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আইটিইই পরীক্ষায় কৃতকার্য ২৫ জন বাংলাদেশিকে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বিডি-আইটেক আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোসিমা, জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি মিকিও হাতেয়োদা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশফাক হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মো.আতকার হোসেন ও প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেন। এশিয়ার ১২টি দেশে মিউচুয়ালি এই পরীক্ষা পদ্ধতি চালু আছে।
