অ্যানফিল্ডের পরাজয়কেই দুষলেন পেলিগ্রিনি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২১:২১
লিভারপুলের বিরুদ্ধে হারের পর এবার সান্দারল্যান্ডের বিরুদ্ধে পয়েন্ট খুইয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন আরো ম্লান হয়ে গেল ম্যানচেস্টার সিটির। পয়েন্ট টেবিলের তলানীতে থাকা দলটির বিরুদ্ধে গত বুধবার রাতে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছে সিটি। অ্যানফিল্ডে লিভারপুলের বিরুদ্ধে আগের ম্যাচের ঐ হারই এ রাতে স্বাগতিকদের মানসিকভাবে পিছিয়ে ফেলেছিল বলে জানান সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের উপর চাপ অব্যাহত রাখতে এ ম্যাচে জিততেই হতো সিটিকে। উল্টো পয়েন্ট হারিয়ে নিজেরাই চাপে পড়ে গেল সিটি। শীর্ষ দুই দল লিভারপুল-চেলসির চাইতে এক ম্যাচ কম খেললেও তাদের চাইতে যথাক্রমে ছয় ও চার পয়েন্ট পিছিয়ে পড়েছে দলটি। লিগের অবশিষ্ট পাঁচ ম্যাচ হাতে রেখে ৩৩ খেলায় সিটির পয়েন্ট ৭১। অ্যানফিল্ডে অল রেডসদের বিরুদ্ধে ঐ হারই সিটিকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছে জানিয়ে পেলিগ্রিনি বলেন, ‘আমার মনে হয় না লিভারপুলের বিরুদ্ধে ঐ ম্যাচের বিষয়টি আমরা মাথা থেকে ঝেরে ফেলতে পেরেছি। এ কারণেই দল আজ (বুধবার) ভালো খেলতে পারেনি। খেলোয়াড়দের জন্য ঐ ম্যাচটা ভুলে যাওয়া কিছুটা কঠিনই ছিল। তাছাড়া এই ম্যাচে জয়ের জন্য যে তীব্রতা প্রয়োজন ছিল সেটা হয়তো তাদের মধ্যে ছিল না। সত্যি বলতে তারা মানসিকভাবে অনেকটা ক্লান্তই ছিল। লিভারপুলের বিরুদ্ধে ম্যাচের পর এটা অনেকটা কঠিনই ছিল।’ পাশাপাশি কৃতিত্ব দিয়েছেন সফরকারী দলেরও। স্প্যানিশ ক্লাব মালাগার এই সাবেক কোচ বলেন, ‘ম্যাচের আগে একটি বিষয় নিয়ে আমি দুশ্চিন্তায় ছিলাম। কারণ, একটি দল যখন অবনমন আশঙ্কায় থাকবে তখন তারা ধরে নেবে এটাই তাদের শেষ সুযোগ। আর প্রতিটি বলের জন্যই তখন তারা লড়বে। আজ বিষয়টি ছিল এমনই।’ এদিকে, মিডফিল্ডার ইয়া ইয়া তোরের অনুপস্থিতি খুব বেশি করেই অনুভূত হচ্ছিল এদিন। তাছাড়া চোটের কারণে মাঠে নামতে পারেননি মিডফিল্ডের আরেক তারকা ডেভিড সিলভাও। তবে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে আগামী ম্যাচেই এই স্প্যানিয়ার্ডকে মাঠে পাবার বিষয়ে আশাবাদী এই চিলিয়ান। পাশাপাশি জানালেন শিরোপার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে সিটি, ‘এখনও আমাদের হাতে পাঁচটি ম্যাচ আছে। আমাদের চেষ্টা থাকবে সবগুলো ম্যাচ জেতার। এরপরে দেখা যাক অবস্থাটা কি দাঁড়ায়। এই মুহূর্তে হয়তো লিভারপুল-চেলসি সম্ভাবনা আমাদের চাইতে বেশি। তবে আমরাও শেষ ম্যাচ পর্যন্ত লড়ে যাব। কোন সন্দেহ নেই এটা (শিরোপা জয়) দারুণ কঠিন হবে। তবে আমাদের মনে রাখতে হবে আজকের ম্যাচটাই শেষ ম্যাচ ছিল না।’ ফার্নান্দিনহোর গোলে ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় সিটি। এরপর ৭৩ ও ৮৩ মিনিটে দুই গোল করে সফরকারীদের এগিয়ে নেন কনর উইকহ্যাম। তবে ম্যাচ শেষের মিনিট তিনেক আগে সিটিকে সমতায় ফেরায় সামির নাসরির গোল। এদিকে রাতের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে ঘরের মাঠে ৩-২ গোলে হেরে গেছে এভারটন। ফলে তাদের চাইতে এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আর্সেনাল।