সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ভারতের বেআইনী-ভাবে তিস্তাসহ আন্তর্জাতিক নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করার বিষয়টি আমরা মেনে নিতে পারি না। পানি প্রত্যাহার বন্ধ না করলে, তাদেরকে বাংলাদেশের বন্ধুত্ব হারাতে হবে।
আন্তর্জাতিক নদীর পানি একতরফা প্রত্যাহার বন্ধ এবং তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে তিস্তা অভিমুখে সিপিবি ও বাসদ-এর যৌথ আয়োজনে রোড মার্চের শুরুতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বন্দর-বিদ্যুত্ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
