মোহামেডানের উদ্যোগে আন্তর্জাতিক স্কুল দাবা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২২:০৫
আন্তর্জাতিক স্কুল দাবা টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। স্কুল শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন মোহামেডান ক্লাব টেন্টে অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল থেকে। ভারত, পাকিস্তান, নেপাল থেকে স্কুল দাবাড়ুরা এই টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। বাংলাদেশ থেকে যেসব ছেলেমেয়ে স্কুল দাবা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায় তাদেরকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যায়নপত্র, এন্ট্রি ফিসহ ২৭ এপ্রিলের মধ্যে ফরম সংগ্রহ করে মোহামেডান ক্লাব প্যাভিলিয়নে নাম জমা দিতে বলা হয়েছে। ৫টি গ্রুপে খেলা হবে। ছাত্রদের জন্য থাকছে কেজি থেকে তৃতীয় শ্রেণি, চতুর্থ থেকে সপ্তম শ্রেণি, অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি এবং ছাত্রীদের জন্য কেজি থেকে পঞ্চম এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত গ্রুপ করা হয়েছে। খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের উত্সাহের জন্য থাকছে নানা রকম আকর্ষণীয় পুরস্কার। দেয়া হবে ল্যাপটপ, ডেস্কটপ, দাবা ঘড়ি, দাবা বোর্ড ঘুঁটি ও ক্রেস্ট।