গৌরনদীতে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় শিক্ষকসহ আহত ১০

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২২:৪৯
গতকাল দুপুরে পরীক্ষা চলাকালীন ছাত্রলীগের কতিপয় ক্যাডার গৌরনদী পাইলট হাইস্কুলে প্রবেশ করে ২ শিক্ষকসহ কমপক্ষে ১০ ছাত্রকে আহত করেছে। আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। গৌরনদী পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক শক্তি বিশ্বাস জানান, গতকাল দুপুর দেড়টার দিকে দশম শ্রেণির ছাত্র আকিব ইকবালের সাথে নবম শ্রেণির রুদ্র ও টিটু বেপারীর ঝগড়া বাধে। এক পর্যায়ে রুদ্র ও টিটু আকিবকে মেরে রক্তাক্ত করে। এনিয়ে স্কুল মাঠে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিরোধ নিরসনের জন্য সহকারী শিক্ষক শক্তি বিশ্বাস তাদের লাইব্রেরিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় সাওন বেপারী, জয়, ইমরান মিয়াসহ ছাত্রলীগের ১০/১২ জন ক্যাডার স্কুল চত্বরে প্রবেশ করে নবম শ্রেণির ছাত্রদের পক্ষ নিয়ে দশম শ্রেণির ছাত্রদের মারধর শুরু করে। এসময় তারা সহকারী শিক্ষক শক্তি বিশ্বাসকে কিলঘুষি মারতে থাকে। প্রধান শিক্ষক ওলিউল্লাহ সহকর্মীকে রক্ষায় এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। এদিকে ২ শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে দুপুরে স্কুল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। পরে গৌরনদী থানা পুলিশ ও শিক্ষকদের অনুরোধে তারা পরীক্ষায় অংশ নেয়। হামলার ব্যাপারে ছাত্রলীগের ইমরান মিয়ার সাথে যোগাযোগ করা হলে সে জানায় ঘটনার সময় সে উপস্থিত ছিল না।