অরফানেজ মামলার শুনানিতে ব্যারিস্টার মওদুদ

অব্যাহতির আবেদন নিষ্পত্তি না করেই বেআইনিভাবে অভিযোগ গঠন হয়েছে

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২৩:০৩
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অভিযোগ গঠন আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি অব্যাহত রয়েছে। বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চে গতকাল বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানিতে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়া মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে ফৌজদারি কার্যবিধির ২৪১ ধারায় নিম্ন আদালতে আবেদন দেন। ওই আবেদন সম্পর্কে বিশেষ আদালতের বিচারক আদেশে বলেছেন, শুনানি না হওয়া মর্মে নথিভুক্ত রাখা হলো। খালেদা জিয়ার এই অব্যাহতির আবেদন নিষ্পত্তি না করে দুইটি মামলার অভিযোগ গঠন প্রক্রিয়া ছিলো বেআইনি। এক্ষেত্রে বিচারক তার বিচারিক মনোভাব প্রয়োগ করেননি। তিনি বলেন, অভিযোগ গঠনের পূর্বে অবশ্যই অব্যাহতির আবেদন নিষ্পত্তি করতে হবে। প্রত্যেক অভিযুক্তকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ আলাদাভাবে পড়ে শোনাতে হবে। অভিযোগ পাঠ করার পর উত্থাপিত অভিযোগের বিষয়ে বিচারক আসামিকে জিজ্ঞাসা করবেন। কোন কিছু না করেই খাস কামরায় বসে অভিযোগ গঠন করা হয়েছে এই মর্মে দেশের জাতীয় দৈনিকগুলোতে সংবাদ প্রকাশ হয়েছে। এতে বিচার বিভাগের ভাবমূর্তি ও নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উত্থাপিত হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় গত ১৯ মার্চ খালেদা জিয়া ও তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে এ দুইটি মামলায় অভিযোগ গঠন করে আদেশ দেন। এই অভিযোগ গঠন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। আবেদনে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুলজারির আবেদন করা হয়েছে। গতকাল এ আবেদনের শুনানি শুরু হয়।