রেকর্ডসংখ্যক ৩০৫৬ মনোনয়নপত্র দাখিল

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:৩৯

উত্সব-আমেজে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন অংশগ্রহনেচ্ছুক প্রার্থীরা। তফসিল ঘোষণার পর থেকেই মনোনয়ন দাখিলের সুযোগ থাকলেও গতকাল বুধবার শেষদিনেই বেশিরভাগ মনোনয়নপত্র জমা পড়েছে। তিনশ সংসদীয় আসনের ৬৬ রিটার্নিং অফিসার ও ৫৮১ জন সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিলের শেষদিনে এবার রেকর্ড সংখ্যক ৩ হাজার ৫৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। সবচেয়ে বেশি ঢাকা-৮ আসনে ২২টি এবং সর্বনিম্ন মাগুরা-২ আসনে ৪টি মনোনয়ন জমা পড়েছে। এবারই প্রথম অনলাইনে ৩৯জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দাখিলকৃত মনোনয়নপত্র ২রা ডিসেম্বর যাচাই-বাছাই করবেন রিটার্নিং অফিসাররা।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ১০১ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তবে দল ও জোট ভিত্তিক তথ্য বৃহস্পতিবার জানানো হবে। সারাদেশে উত্সবমুখরভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। কোথাও কোনো আচরণ বিধি লংঘনের অভিযোগ পাওয়া যায়নি।

দীর্ঘ দশ বছর পর আবার আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীরা নির্বাচনে মাঠে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সমমনা দলগুলো নির্বাচন বর্জন করেছিল। তবে এবার বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করায় ভোটে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। এদিকে, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও কোথাও কোথাও শোডাউন ও শোভাযাত্রা বা মিছিল করার খবর পাওয়া গেছে। মনোনয়নপত্র দাখিলের সময় সম্ভাব্য প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করলেও কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২০জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১০জনকে আটক করেছে। বিএনপির মনোনয়ন পাওয়া সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান ও মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সহসভাপতি আলী আজগর মল্লিক রিপনের সমর্থকদের মধ্যে গতকাল সকালে এই সংঘর্ষ বাধে। কোথাও কোথাও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল না করতে দেয়ার অভিযোগ এসেছে।

ইসির মতে, নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের অধিকাংশই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনে দলীয় প্রতীক এবং স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আছে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসনে দাখিল করেছেন। কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বগুড়া-৭, বগুড়া-৬ ও ফেনী-১ আসনে এবং জাতীয় পার্টি-জাপার এইচ এম এরশাদ ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন। তবে বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ায় তিন আসনে বিকল্প প্রার্থীও রেখেছে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন নির্বাচনে অংশ না নেয়ার কথা জানিয়েছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারেন। তবে নিবন্ধন বাতিলকৃত জামায়াতের ইসলামীর ২৫জন প্রার্থী বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল, বিএনপির নেতৃত্বাধীণ জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শরিকদের কেউ কেউ আওয়ামী লীগ-বিএনপির প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছেন। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র জমা না নেয়ার অভিযোগ উঠেছে। মির্জা আব্বাসের পক্ষে মনোনয়ন দাখিল করতে আসা খন্দকার সিকান্দার কাদের বলেন, আমরা সাড়ে ৪টার সময় অফিসে গেলে আব্বাসের ছবি দেখেই তারা বলে সময় শেষ হয়ে গেছে। তিনি ঢাকা-৯ আসনে আব্বাসের পক্ষে মনোনয়ন দাখিল করতে গিয়েছিলেন। রংপুর-৫ আসনে বিএনপির জোট সমর্থিত প্রার্থী গোলাম রব্বানী পাঁচঘন্টা অপেক্ষার পরও মনোনয়নপত্র জমা দিতে পারেন নি বলে অভিযোগ করেছেন।

গত নির্বাচনে ৩০০ আসনে ১ হাজার ১০৭জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইয়ে ২৩০জনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ৩৩৪জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন। চূড়ান্ত প্রার্থী ছিলেন ৫৪৩জন। ১৪৭ আসনে ভোট হয়েছিল, আর ১৫৩ আসনে একক প্রার্থী থাকায় সংশ্লিষ্টরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ১ হাজার ৫৬৭জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিল। মনোনয়ন দাখিল করেছিলেন ২ হাজার ৪৬০জন। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনের সময় ২ হাজার ৫৬৩টি মনোনয়ন জমা পড়ে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সরকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার পক্ষে জোর দিচ্ছেন। অন্যদিকে বিএনপিসহ তাদের সমমনা জোটের নেতারা নির্বাচনকে নিজেদের অস্বস্তি রক্ষার হিসাবে মাঠে নেমেছেন।

৩০৫৬ জনের মনোনয়ন দাখিল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩’শ আসনে ৩ হাজার ৫৬টি মনোনয়ন পত্র দাখিল হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ গতকাল রাতে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ইসির সচিবের তথ্যমতে, ৩ হাজার ৫৬জন মনোনয়নপত্র দাখিল করেন।  ঢাকা-৮ আসেনে সবচেয়ে বেশি ২২টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। আর মাগুরা -২ তে সর্বনিন্ম ৪টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তত ১’ শ১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দল থেকে কতজন মনোনয়ন দাখিল করেছেন তার হিসাব দিতে পারেনি নির্বাচন কমিশন।

৩৯ জনের অনলাইনে মনোনয়ন জমা : প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র পূরণ করে জমার চেষ্টা করেছেন ৩৯ জন সম্ভাব্য প্রার্থী। দেশের নির্বাচন পদ্ধতিতে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমার বিধান চালু হয় ২০১৬ সালে। তাতে কেউ সাড়া না দিলেও সংসদ নির্বাচনে এ প্রযুক্তি ব্যবহারে সাড়া পেল ইসি। ইসি সিস্টেম এনালিস্ট ফারজানা আখতার বলেন, এ পর্যন্ত ৩৯টি অনলাইনে মনোনয়নপত্র জমার তথ্য পাচ্ছি।

ইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক ১৩ ডিসেম্বর :নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে আগামী ১৩ ডিসেম্বর বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। সশস্ত্রবাহিনী কবে থেকে মাঠে নামবে সে বিষয়েও সিদ্ধান্ত হবে বৈঠকে।  এবার নির্বাচনে মূল বাজেট ধরা হয়েছে ৭০০ কোটি টাকা। এর মধ্যে নির্বাচন পরিচালনায় ৩০০ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ৪০০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা রয়েছে ইসির।