ঈদে বেতার ম্যাগাজিন উত্তরণে মৌসুমী-ওমরসানী

আপডেট : ২৪ মে ২০১৯, ২০:৪৪

 

বাংলাদেশ বেতারের সাড়ে চার দশকের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণে এবারের ঈদের বিশেষ আকর্ষণ তারকা দম্পতি মৌসুমী ও ওমরসানী। জনপ্রিয় এই তারকা জুটি ঈদের দিন রাত ৯টা ০৫ মিনিটে থাকবেন বিশেষ ঈদ আড্ডা—‘কথায় কথায় ঈদ আনন্দে’। এই অনুষ্ঠানে তাঁরা তাঁদের ঈদ উদযাপন, সিনেমা ও ব্যক্তিগত জীবনের উল্লেখযোগ্য মজার স্মৃতিচারণ ছাড়াও দেবেন জমজমাট আড্ডা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ফারহানা চৌধুরী। জনপ্রিয় এই ম্যাগাজিনের তত্ত্বাবধানে রয়েছেন এ বি এম রফিকুল ইসলাম ও প্রযোজনায় কানিজ কুলসুম। প্রযোজক কানিজ কুলসুম  জানান, সম্পূর্ণ ব্যতিক্রমী ও শ্রোতানন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। শ্রোতাদের চাহিদা অনুযায়ী সবগুলো পর্ব সাজানো হয়। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠানটি জনপ্রিয়তা ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখেছে। উত্তরণ শোনা যাবে ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ ও এফএম ১০৬ মেগাহার্জে।