রোনালদোর ছায়া পেরিয়ে...

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২২:৩৩
কোন ক্লাবের সবচেয়ে দামী খেলোয়াড়ের দায়িত্ব শুধু ব্যক্তিগত নৈপুণ্য দেখানোই নয় বরং গুরুত্বপূর্ণ সময়ে দলের প্রয়োজন মেটানোও। আর এটিই গ্যারেথ বেল করলেন কোপা ডেল রের ফাইনালে। ক্রিশ্চিয়ানো রোনালদোহীন বার্সেলোনা ও রিয়ালের মধ্যকার খেলাটি যখন ১-১ সমতায় অতিরিক্ত সময়ের দিকে মোড় নিচ্ছে ঠিক তখনই চোখ ধাঁধানো এক গোলে এই ওয়্যালশম্যান শিরোপা জেতালেন লস ব্লাঙ্কোসদের। রোনালদো ছায়ায় বড় খেলাগুলোতে এমনিতেই ঢাকা পড়ে যান অন্যরা। কিন্তু পর্তুগিজ উইঙ্গার ইনজুরিতে থাকায় বৃহস্পতিবারের এল ক্লাসিকোতে সবার নজর থাকে বেলের উপর। মাদ্রিদ ভিত্তিক সংবাদপত্র মার্কা খেলার আগের দিন লিখেছিল যে, ’রোনালদোকে ছাড়া বেলকেই রসদ যোগাতে হবে। নয় কোটি দশ লাখ ইউরো ব্যয়ে তাকে এখানে আনা মানে লস ব্লাঙ্কোসদের অধিকার রয়েছে এ ধরনের বড় খেলায় তার কাছ থেকে ম্যাচজয়ী পারফর্মম্যান্স চাওয়ার।’ সুতরাং বেল ব্যাপারটি স্বীকার করুক বা না করুক এটা পরিস্কার যে, তিনি অনেকটাই চাপ নিয়ে মাঠে নেমেছিলেন। এরপর মূল মঞ্চ ভ্যালেন্সিয়ার মাঠ এস্তাদিও ডি মেস্তালাতে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ১-১ সমতায় থাকা রিয়ালকে একক নৈপুণ্যে ম্যাচজয়ী গোলে শিরোপা এনে দেন বেল। রিয়ালের হয়ে ৩৯ খেলায় তার ২০তম গোল এটি। এ সময় মার্ক বার্ত্রাকে কাটিয়ে বার্সা গোলরক্ষক পিন্টোকে বোকা বানিয়ে গ্যালারি স্তব্ধ করে দেন বেল। ম্যাচশেষে স্বাভাবিকভাবেই প্রশংসার বৃষ্টিতে সিক্ত হয়েছেন বেল। রিয়ালের কোচ কার্লো অ্যানচেলোত্তি এ ব্যাপারে বলেন,’ আমি নিখুঁতভাবে দেখেছি। এটি ছিল অসাধারণ একজন খেলোয়াড়েরর চমত্কার একটি গোল। রিয়াল মাদ্রিদে তাকে পেয়ে আমরা ভাগ্যবান। এটা নিশ্চিতভাবেই তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। কেননা খেলার ভাগ্য নির্ধারণী সময়ে গোলটি এসেছে।’ অ্যানচেলোত্তির সহকারী পল ক্লিমেন্টের বলেন, ’এটি ছিল অবিশ্বাস্য একটি গোল। আমি এরকম গোল আগে হয়তো আর দেখিনি।’ রিয়ালের জীবন্ত কিংবদন্তি এমিলিও বার্ত্রাগুয়েনো গোলটির বর্ণনায় স্প্যানিশ টেলিভিশন টিভিইকে বলেন,’অবিশ্বাস্য শক্তি নিয়ে সে ৫০ মিটারেরও বেশি দৌড়েছে। এর মাধ্যমে বেল কোন মানের খেলোয়াড় এর একটি ধারণা দিয়েছে। এই মানের খেলোয়াড়দের এ ধরনের খেলায় এটিই করতে হয় এবং সে এটি করেছে।’ রিয়ালের শিরোপা জয় নিয়ে মার্কা পরের দিন শিরোনাম করেছিল,’বেল নৈপুণ্যে রিয়ালের কোপা জয়।’ অন্যদিকে এসডটকম লিখেছিল,’শিরোপার রাজা বেল।’এর পূর্বে অবশ্য তারা যুক্ত করেছে যে,’ওয়্যালশম্যান ৬০ মিটারের দৌড়ে ফাইনাল জিতিয়েছেন যাকে কেউ থামাতে পারেনি।’ তবে বেল খেলাটি নিয়ে চাপে ছিলেন না বলে জানিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন,’আমি মানুষের কথা নিয়ে মোটেও চিন্তিত ছিলাম না। খেলায় মনোযোগ দেয়াটাই আমার নিকট গুরুত্বপূর্ণ ছিল। আমি নিজেকে কোন চাপে রাখিনি।’ রোনালদো তাকে অভিনন্দন বার্তা জানিয়ে বেল আরো বলেন,‘সে (রোনালদো) শুধু বলেছে, ‘অভিনন্দন’। সে সত্যিই খুব খুশি। সে প্রতিটি রাউন্ডে খেলেছে এবং ফাইনাল মিস করাটা ছিল তার জন্য দুর্ভাগ্যজনক।’ রোনালদোর জায়গায় প্রত্যাশাটা কেমন বেল হয়ত তার কিছুটা অনুভব করতে পারছেন। যদিও ম্যাচজয়ী ভূমিকায় জায়গাটিতে সাচ্ছন্দ খুঁজে পাওয়া বেল ভবিষ্যতে এর পুনরাবৃত্তিই ঘটাতে চাইবেন। এদিকে কোপা দেল রে চ্যালেঞ্জ শেষ করার পর আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে আরেকটি বড় ম্যাচে নামছে রিয়াল। তবে কোপা দেল রে জয়ের আতিশয্যে সে ম্যাচে অসতর্ক হলে রিয়ালকে বড় সমস্যায় পড়তে হতে পারে বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন বেল। সাবেক টটেনহ্যাম হটস্পার বলেন, ‘আমি অনেক আগে থেকেই রিয়াল মাদ্রিদকে অনুসরণ করতাম এবং ট্রফি জিততেই আমি এসেছি। কারণ এটা করতে আমার ভালো লাগে। তবে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে পা মাটিতে রাখা। কোপা দেল রে শিরোপা জিতেই বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে আমরা যদি সব কিছু নিশ্চিত বলে ধরে নেই, তবে সেটা হবে হাস্যকর।’