নজরুল জন্মজয়ন্তীতে...

আপডেট : ২৪ মে ২০১৯, ২০:৪৪

বিনোদন রিপোর্ট

 

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে একাধিক চ্যানেলে বিশেষ কিছু অনুষ্ঠান প্রচার করবে। এর ভেতরে চ্যানেল আই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন রেখেছে।

আজ সকাল ৭টা ৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘গানে গানে সকাল শুরু’। এ পর্বে অংশ নেবেন নজরুলসঙ্গীতের জনপ্রিয় শিল্পীরা। এরপর সকাল ১১টা ০৫ মিনিটে দেখানো হবে টেলিফোনে দর্শকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান ‘সরাসরি নজরুল’। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। দুপুর ১টা ০৫ মিনিটে নজরুলের গল্প অবলম্বনে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘মেহের নেগার’ প্রচার হবে। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রয়েছে শহিদুল আলম সাচ্চুর পরিচালনায় ফেরদৌস আরার পরিবেশনায় একক নজরুলসঙ্গীতের অনুষ্ঠান ‘নীলাম্বরি শাড়ি’। একই অনুষ্ঠানে আবৃত্তি করবেন আফসানা মিমি।

এছাড়া ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব প্রচার হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় এ পর্বটি পরিচালনা করেছেন জিল্লুর রহমান।

এদিকে প্রথমবারের মতো নজরুলগীতি প্রকাশ পেল বাপ্পা মজুমদারের কণ্ঠে। গানের শিরোনাম ‘মেঘেরও ডমরু’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা গানটি নতুন করে সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। নজরুলগীতি গাওয়াটা সাহসের বিষয় উল্লেখ করে বাপ্পা মজুমদার বলেন, ‘আসলেই এটি একটি সাহসের বিষয়। কারণ নজরুলের গান গাইতে একটা চর্চা প্রয়োজন। হঠাত্ করে তাঁর গান গাওয়া যায় না। সেটাই এবার চেষ্টা করলাম। মেঘেরও ডমরু গানটিও একটু কঠিন, মানে রাগাশ্রয়ী। বেশ যত্ন করে কাজটি করেছি। আশা করি গানটি শ্রোতাদের ভালোই লাগবে।’