বিনোদন রিপোর্ট
গত কয়েকবছর ধরেই ঈদের ছবি মানেই শাকিব খানের নতুন ছবি। পাশাপাশি তাঁর জুটি হিসেবে থাকছেন বুবলী। এর কোনো ব্যতিক্রম নেই এ বছরেও। তবে শাকিব খান তাঁর নিজের প্রযোজনায় ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির পর দ্বিতীয়বারের মতো ছবি প্রযোজনায় নাম লেখালেন। এবারের ছবিটি ‘পাসওয়ার্ড।’ যদিও এবারের ছবিটি নিয়ে নির্মাতা মালেক আফসারী বলেছেন শাকিব-বুবলী জুটির এই ছবি নাকি বাংলা ছবির ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেলবে!
তবে আপডেট খবর হলো ছবিটি সেন্সরে জমা হয়েছে। আসছে ঈদে মুক্তির লক্ষ্যেই নির্মিত হয়েছে মালেক আফসারীর পাসওয়ার্ড ছবিটি। এতে অভিনয় করেছে শাকিব খান ও বুবলী জুটি। আরো আছেন চিত্রনায়ক ইমন। সম্প্রতি দেশের বাইরে ছবির গানের শুটিং দিয়ে ক্যামেরা ক্লোজ হয়েছে। ছবির সব কাজ শেষ করে এবার সেন্সরে জমা পড়ল পাসওয়ার্ড। তুরস্কে ছবির গানের শুটিং হয়েছে। সবগুলো গানের নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।
পাসওয়ার্ড নির্মিত হচ্ছে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। হিরো দ্য সুপারস্টার ছবির সাফল্যের পর পাসওয়ার্ড ছবির মাধ্যমে আবারো অর্থ লগ্নি করলেন শাকিব খান।
