আমি হতবাক:বিবেক

আপডেট : ২৪ মে ২০১৯, ২০:৪৫

কঠোর নিরাপত্তায় বিবেক ওবেরয়। ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে একটি মিম ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতের লোকসভা নির্বাচনের সঙ্গে মিলিয়ে এই মিমে রয়েছে ‘ওপিনিয়ন পোল’, ‘এক্সিট পোল’ ও ‘রেজাল্ট’। এই মিমে ‘ওপিনিয়ন পোল’-এ ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখানো হয়েছে সালমান খানের সঙ্গে। ‘এক্সিট পোল’-এ তাঁকে দেখা গেছে বিবেক ওবেরয়ের সঙ্গে, আর সবশেষে ‘রেজাল্ট’-এ ঐশ্বরিয়ার সঙ্গে আছেন তাঁর স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্য। মিমটি কিন্তু বলিউড তারকা বিবেক ওবেরয় নিজে তৈরি করেননি। তিনি মিমটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘কী সৃজনশীলতা! এখানে কোনো রাজনীতি নেই, এটা জীবন।’ সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে তৈরি এই মিম টুইটারে পোস্ট করার পরই তীব্র সমালোচনার মুখোমুখি হন বিবেক ওবেরয়। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয় দফায় মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বিজেপি। গতকাল  ভারতজুড়ে মুক্তি পেয়েছে নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি চলচ্চিত্র ‘পিএম নরেন্দ্র মোদী’। এই চলচ্চিত্রে নরেন্দ্র মোদীর চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা বিবেক ওবেরয়। এদিকে মুম্বাই পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছেন, বিবেক ওবেরয়ের ওপর হামলা হতে পারে, এমনকি তাঁকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। এ কারণেই বিবেক ওবেরয়ের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ স্টেশন থেকে দু’জন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বাসার সামনে একটি পুলিশের গাড়ি মোতায়েন করা হয়েছে। এ প্রসঙ্গে বিবেক বলেন, ‘আমি এমনকিছু করিনি যাতে আমার মৃত্যুর হুমকি আসবে। আমি বিস্মিত! হতবাক।’