ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে :কাদের

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:৪৭

কোনও ব্যক্তি দুই বছরের বেশি দন্ডপ্রাপ্ত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগ বহাল রাখার রায়কে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল বুধবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এ রায়কে স্বাগত জানাই। আমরা আগে-ভাগে আঁঁচ করতে পেরে কক্সবাজারের বদির মতো অনেককেই মনোনয়ন দেইনি। তবে বিএনপি এটাকে নির্বাচন বানচালের ইস্যু করতে পারে।’ নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, করতেই পারে। কারণ, তারা তো নির্বাচনের এক মাস আগেও প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন চান। এ ধরনের দাবি কি কোনোভাবে যৌক্তিক?’ 

জঙ্গিদের পেছনে অর্থ ঢালার অভিযোগে বিচারের মুখে থাকা ব্যারিস্টার সাকিলা ফারজানাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার বিষয়ে একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সাকিলা ফারজানা জঙ্গি বলেই মনোনয়ন পেয়েছেন। বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, তারা জঙ্গিকে মনোনয়ন দেবে, এতে অবাক হওয়ার কিছু নেই।’ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি আওয়ামী লীগ কীভাবে দেখছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না কি কারণ, তবে কারণ তো আছে। সে কারণটা সত্যই। সেটা সময় মতো প্রকাশ হবে। ’

নির্বাচনে ১৪ দল ও মহাজোটের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট-মহাজোটের শরিকদের সঙ্গে মনোনয়নপত্র বাছাইয়ের পর আসন চূড়ান্ত করার চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করছি, তবে মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই এ বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা প্রমুখ।