পবায় চিকিত্সকের শাস্তি দাবি

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:০৮
পবার নওহাটা পৌরসভার শ্রীপুর গ্রামের এক গৃহবধূকে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিত্সার মাসুল গুণতে হচ্ছে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ঐ গৃহবধূর শরীর চামড়া উঠে যাচ্ছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এর প্রতিকার ও ডাক্তারের শাস্তির দাবি জানানো হয়েছে। জানা যায়, শ্রীপুর গ্রামের গৃহবধূ সাবিনা বেগম পায়ের ব্যথা নিয়ে নওহাটা বাজারের গ্রাম্য ডাক্তার জাকির হোসেনের নিকট আসেন। ডাক্তার জাকির বেশ কিছু ওষুধ দেন। এসব ওষুধ সেবনের পর থেকে শরীর চুলকাতে থাকে। ডাক্তারকে এ বিষয়ে জানালে ডাক্তার বলেন, চুলকানি থেমে যাবে। এরপর চুলকানি ভাল হওয়া তো দূরের কথা পুরো শরীরে ঘা হয়ে যায়। বিষয়টি জাকিরকে জানালে কিছুই করার নেই বলে জানান। এদিকে শরীরের ঘা আরো বেড়ে যাওয়ায় এবং শরীর থেকে চামড়া খসে পড়ায় রোগীকে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে নেয়া হয়। রামেক হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. মুহাম্মাদ আফসার সিদ্দিকী জানান, ভুল চিকিত্সার কারণে রোগীর এমন অবস্থা হয়েছে। পরে পবা উপজেলা নির্বাহী অফিসার রাজ্জাকুল ইসলামের নিকট ডাক্তারের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।