রাজশাহীতে পাঁচ দিনব্যাপী যুবমেলা শুরু
রাজশাহী অফিস \ রাজশাহীতে পাঁচ দিনব্যাপী বিভাগীয় যুব মেলা শুরু হয়েছে। গত শুক্রবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রীন প্লাজায় প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর সংরক্ষিত সংসদ সদস্য আখতার জাহান ও যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক অসিত কুমার মুকুট মণি। এছাড়া রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরীসহ যুব উন্নয়ন অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে গান পাউডার ও পিস্তলসহ ৩জন আটক
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকা থেকে এক কেজি ২৫ গ্রাম গান পাউডার, একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে র্যাব। গত শুক্রবার বিকাল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন— মনাকষা গ্রামের আব্দুর রাজ্জাক কালু (২০), পারচৌকা গ্রামের আরিফুল ইসলাম (৩০), গাড়াটোলা গ্রামের ইনছারুল (২২)। র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট আব্দুল হামিদ জানায়, আটককৃতরা ভারত থেকে গান পাউডার, অস্ত্র ও গুলি নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। দীর্ঘদিন ধরেই তাদের ওপর গোয়েন্দা নজরদারি রেখেছিল র্যাব।
মাওয়া লঞ্চঘাটে পুলিশ সদস্য লাঞ্ছিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গত শুক্রবার বিকাল সাড়ে ৩টায় মাওয়া লঞ্চঘাটে ডিএমপির কনস্টেবল সায়েদুলের (৩৬) সাথে এম এল প্রিন্সেস লঞ্চের স্টাফদের হাতাহাতির ঘটনা ঘটেছে। তিনি এই লঞ্চটির আগে কাওড়াকান্দিগামী একটি লঞ্চে ওঠার চেষ্টা করেন। সে সময় সিরিয়ালে থাকা এম এল প্রিন্সেস লঞ্চের স্টাফরা তাকে বাধা দেয় এবং তাদের লঞ্চে উঠতে বলে। এ সময় সায়েদুলের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে লঞ্চের স্টাফদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। মাওয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ খালিদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
নাঙ্গলকোটে সহস্রাধিক নেতা-কর্মীর আ’লীগে যোগদান
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল্লা মজুমদারের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াতের অন্তত সহস্রাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছে। গত শুক্রবার যোগদান অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালুর সহযোগিতায় পরিকল্পনা মন্ত্রী আ,হ,ম মুস্তফা কামাল লোটাস এমপির হাতে ফুল দিয়ে আ’লীগে যোগদান করেন তারা। এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, অধ্যক্ষ আবু ইউছুফ, রফিকুল হোসেন চেয়ারম্যান, আবু তাহের চেয়ারম্যান, মনিরুজ্জামান খান, নাজমুল হাসান বাছির চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ, আবদুল মালেক প্রমুখ। উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু বলেন, বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল্লা মজুমদারসহ ১২ জন ইউপি সদস্য ও যুবদল, ছা্ত্রদল ও জামায়াতের সহস্রাধিক নেতা-কর্মী তাদের দলে যোগদান করেছে।
রাজবাড়ী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত। ওই নির্বাচনে সভাপতি পদে খান মোঃ জহুরুল হক ও সাধারণ সম্পাদক পদে খোন্দকার আব্দুল মতিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মোঃ মোশারফ হোসেন, এম মনিরুজ্জামান ও মোঃ সিরাজুল আলম ভুঁইয়া, সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাসেন ও সহ-সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মতিউর রহমান, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ সাজিদ হোসেন এবং মহিলা সম্পাদিকা পদে মিসেস হাফিজা খাতুন । এ ছাড়াও কার্যনির্বাহী কমিটির দশজন সদস্য রয়েছেন। গত বৃহস্পতিবার রাতে রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যানের গণসংবর্ধনা
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আয়নুল হককে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। একই মঞ্চে ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী ইয়াসমিনকেও সংবর্ধনা প্রদান করা হয় গত শুক্রবার। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান তালুকদার। প্রধান অতিথি ছিলেন- সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী জেলা বিএনপি সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপি সেক্রেটারী এ্যাড. মোকাদ্দেস আলী, কেন্দ্রীয় যুবদল নেতা এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপি নেতা মতিয়ার রহমান, সাঈদ সুইট, পৌর বিএনপি সভাপতি সিরাজুল হক প্রমুখ।
ওসি অপসারণ দাবিতে বরিশালে মানববন্ধন
বরিশাল অফিস \ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ, লাঠিচার্জ, গালিগালাজ ও ভিসি সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন ওসি শাখাওয়াত হোসেনের নেতৃত্বে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা, গুলিবর্ষণ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এসময় ওসি শাখাওয়াত বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কটুক্তি করে আপত্তিকর মন্তব্য করেন। ওসি শাখাওয়াতকে অপসারণ না করার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখবেন। মানববন্ধনে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজুল ইসলাম নয়ন, শামীম সিকদার, জহিরুল ইসলাম, জসিম উদ্দিন নিরব, উজ্জল রায় এবং মেহেদী জামান।
যশোরে নাগরিকদের প্রশ্নের জবাব দিলেন মেয়র
যশোর অফিস \ যশোরে পৌরসভা কর্তৃপক্ষের সাথে সুধীবৃন্দের সংলাপ অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার । শহরের বিভিন্ন সমস্যা নিয়ে নাগরিকদের প্রশ্নের মুখোমুখি হন পৌরসভার মেয়র মারুফুল ইসলাম। সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক বিমল রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ, জাগরণী চক্র ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হাসিব নেওয়াজসহ অনেকে প্রশ্ন করেন। উত্তরে মেয়র জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শহরের ৯টি ওয়ার্ডেই পার্ক করার কাজ শুরু হয়েছে বলে। সনাক সভাপতি আবু সালেহ তোতার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইফুজ্জামান মজু, অধ্যাপক সন্তোষ হালদার, মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, অ্যাড. নাসিমা বেগম, অ্যাড. সালেহা বেগম, অধ্যাপিকা সুরাইয়া শরীফ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা প্রশাসক ডঃ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মনোয়ারা বেগম,অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, অধ্যক্ষ প্রফেসর প্রফুল্ল চন্দ্র দাস, জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুদ্দিন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ।
শেরপুরে মাদকের মামলায় ছয়জনের কারাদণ্ড
শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার শেরপুর থানা পুলিশের মাদক-বিরোধী অভিযানে আটক ছয় মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত ছয়মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হলেন: শেরপুর পৌরশহরের উত্তর সাজাপাড়ার ফারুক হোসেন (৩০), মো. সোহাগ (২০) ও আবদুল মমিন (২০)। এবং উপজেলার আটাইল গ্রামের আশিক আলম (২০), দরিহাসড়ার শামীম রেজা (২২) ও ভবানীপুরের বাদল বিশ্বাস (২০)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী সত্যতা নিশ্চিত করেন।
কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালী ও সমাবেশ
সুনামগঞ্জ প্রতিনিধি \ নানা আয়োজনে সুনামগঞ্জে পালিত হচ্ছে বাংলাদেশ কৃষক লীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার শহরে র্যালী ও সমাবেশের আয়োজন করে জেলা কৃষক লীগ। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়, জেলা কৃষক লীগের সভাপতি সুবীর তালুকদার বাপ্টু, সাধারণ সম্পাদক করুণা সিন্দু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, কৃষক লীগ নেত্রী অ্যাডভোকেট সবিতা রানী প্রমুখ।
জীবননগরে এক লাখ পিস সেনেগ্রা উদ্ধার
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ বর্ডার গার্ড বাংলাদেশ গয়েশপুর ক্যাম্পের জওয়ানরা এক অভিযান চালিয়ে এক লাখ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট সেনেগ্রা উদ্ধার করেছে। যার মূল্য ৮০ লাখ টাকা। বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির একটি টহল দল গত শুক্রবার রাতে এ বিপুল পরিমাণ ভায়াগ্রা উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা ট্যাবলেটগুলো ফেলে পালিয়ে যায়। বিজিবি-৬ ব্যাটালিয়নের অধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৯৪ লাখ টাকা মূল্যের নানা ধরনের অবৈধ চোরাচালানের পণ্য উদ্ধার করে বিজিবি।
রানীশংকৈলে বীরাঙ্গনাদেরকে সম্মানী প্রদান
রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরের গেস্ট হাউজ চত্বরে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘সামাজিক সহায়তা উদ্যোগ’র আয়োজনে মুক্তিযুদ্ধকালীন উপজেলার নির্যাতিতা নারী বীরাঙ্গনাদেরকে সম্মানী ও কম্বল প্রদান করা হয়। এ উপলক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে সংরক্ষিত- ৩০১ আসনের এম.পি. সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ তাজুল ইসলাম, রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন মন্ডল, সাংবাদিক মোবারক আলি, সংগঠনের সদস্য কুমের আলি ও জেলা সমন্বয়কারী প্রভাষক প্রশান্ত কুমার বসাক প্রমুখ।
হবিগঞ্জে সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ সিএনজি পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ হবিগঞ্জসহ জেলার অপর ৫টি পৌর এলাকায় টোল আদায় বন্ধ করার দাবি জানিয়েছে। গত শুক্রবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ অভিযোগ করেন, পৌর বাস টার্মিনাল এবং পৌরসভার নাম্বার ব্যবহার না করা সত্ত্বেও সিএনজি অটোরিকশার নিকট থেকে অবৈধভাবে পৌর কর আদায় করা হচ্ছে। অথচ বিআরটিএ’র নিয়ম অনুযায়ী সিএনজি অটোরিকশাগুলো থেকে ট্যাক্সসহ বিভিন্ন ফি আদায় করা হয়। সিলেটের বিভাগীয় শহরসহ কোন শহরে সিএনজি অটোরিকশার নিকট থেকে কোন টোল আদায় করা হয় না। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
বারহাট্টায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বারহাট্টা (নেত্রকোনা) সংবাদদাতা \ গতকাল শনিবার বারহাট্টায় ময়মনসিংহস্থ বারহাট্টা সমিতির উদ্যোগে কাশবন বীরচরণমঞ্চে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল মতিন। সমিতির সভাপতি প্রফেসর চন্দ্র শেখর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, ময়মনসিংহস্থ বারহাট্টা সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা ও ওয়াদুদ খান প্রমুখ।
ফুলবাড়িতে ফেনসিডিলসহ ট্রাক আটক
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের সদস্যরা গতকাল শনিবার ভোরে উপজেলার তেঁতুলিয়া জিয়ার মিল নামক স্থানে অভিযান চালিয়ে ৮৪ লাখ টাকা মূল্যের ১ হাজার বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে।
বিজিবি ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ব্যাটালিয়নের সহকারী পরিচালক হারুনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত মূল্যের ট্রাকসহ ফেনসিডিল জব্দ করে।
মংলায় গোলপাতা পাচারকালে নৌকাসহ আটক ২
মংলা (বাগেরহাট) সংবাদদাতা \ অবৈধভাবে সুন্দরবনের গোলপাতা পাচারকালে ৩টি নৌকা ভর্তি গোলপাতাসহ ২ জনকে আটক করেছে মংলা কোস্টগার্ড সদস্যরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মংলা নালা নদী থেকে গোলপাতাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন— পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া গ্রামের মোতালেব আকন (৪৫) ও খুলনা জেলার দাকোপ থানার সুতারখালী গ্রামের সাইফুল বিশ্বাস (৩০)। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ডের পশ্চিম (মংলা) জোনের গোয়েন্দা শাখার সদস্য শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড গোলপাতার এ চালনটি আটক করে। এসময় নৌকাগুলো থেকে মোট ১৬ কাউন গোলপাতা উদ্ধার করা হয়।
মুক্তাগাছায় যুব সংহতির কর্মী সন্মেলন
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ যাতীয় যুব সংহতি মুক্তাগাছা উপজেলা শাখার কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মুক্তাগাছা থানা প্রাথমিক শিক্ষক সমিতি অফিস প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দেন জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ ৫ মুক্তাগাছা সালাহউদ্দিন আহমেদ মুক্তি, মুক্তাগাছা উপজেলা যুব সংহতির আহ্বায়ক শামছুল আলম শওকতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি মুক্তাগাছা উপজেলার আহ্বায়ক শামসুদ্দিন মাস্টার, জেলা যুব বিষয়ক সম্পাদক শাহজাহান খান, ময়মনসিংহ জেলা যুব সংহতির সভাপতি শহীদুল ইসলাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন হারুন প্রমুখ।
রাজবাড়ীতে ভুয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি \ গত শুক্রবার রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম বাদশা মিয়া (২৫)। তার পিতার নাম মোতালেব মিয়া। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে। জানা গেছে, রাজবাড়ী জেলা শহরের অঙ্কুর স্কুল এন্ড কলেজে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাদশা মিয়া অপর এক পরীক্ষার্থীর পরীক্ষা দিতে এসে আটক হয়। বিকাল ৫টার দিকে রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বাদশা মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ধুনটে উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান
ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ধুনটে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সংবর্ধনা প্রদান করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাতেমুজ্জামান তালুকদার, সহ-সভাপতি আনিছুর রহমান বাদশা, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল মনছুর আহমেদ পাশা, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, পৌর যুবদলের সভাপতি মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তালহা শামীম প্রমুখ।
ঝিনাইগাতী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ১৭ এপ্রিল পরন্ত বিকালে শেরপুর জেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরীর সভাপতিত্বে মুজিবনগর দিবস পালনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আ-স-মনাসিম কাকন। আলোচনা শেষে ঝিনাইগাতী উপজেলা স্বেচছাসেবক লীগের সর্বসম্মতিক্রমে ওমর ফারুককে আহ্বায়ক, ছামিউল হক রনিকে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট শক্তিশালী কমিটি গঠন করা হয়।
কালিয়াকৈরে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতি
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা\ গাজীপুরের কালিয়াকৈরে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতি সংঘটিত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ডাকাত কবলিত লোকজন জানায়, কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কের পাইকপাড়া নামক স্থানে বৃহস্পতিবার রাতে ৭/৮ জনের একদল সশস্ত্র ডাকাত সড়কের উপর গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। পরে ডাকাতদল সড়কের চলাচলরত ২টি প্রাইভেটকার, ৪টি সিএনজি চালিত অটোরিকশা ও লেগুনাসহ অন্তত ১০/১২টি যানবাহনে ডাকাতি করে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। এসময় ডাকাতের এলোপাতাড়ী রামদায়ের কোপে ৪ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই ডাকাতদল পালিয়ে যায় বলে কালিয়াকৈর থানার ওসি মোঃ ওমর ফারুক জানান।
নাঙ্গলকোটে সেলাই মেশিন ও টিন বিতরণ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে গত শুক্রবার উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন ও ঢেউ টিন বিতরণ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, অধ্যক্ষ সাদেক হোসেন ভুঁইয়া, অধ্যক্ষ আবু ইউছুফ, রফিকুল হোসেন চেয়ারম্যান, আবু তাহের চেয়ারম্যান, মনিরুজ্জামান খান, নাজমুল হাসান বাছির চেয়ারম্যান, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু ইউছুফ, আবদুল মালেক প্রমুখ।
কুমিল্লায় বালিয়াড়ি-নেস্ট কেয়ার মেধা সম্মাননা প্রদান
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা নগরীর ধর্মসাগরের উত্তরপাড়াস্থ রাণীর কুটির প্রাঙ্গণে গত শুক্রবার বালিয়াড়ি ইভেন্ট ম্যানেজমেন্ট ও বালিয়াড়ি এডুকেশনের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। বালিয়াড়ি এডুকেশনের চেয়ারম্যান মু. আতিকুল হক আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম আসাদুজ্জামান। এতে বক্তব্য রাখেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, বালিয়াড়ি এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক এম. বারী কাওসার, নেস্ট কেয়ার আর্কিটেকচার লিমিটেডের ম্যানেজার এ কে এম মুসলিম উদ্দিন, মিশুক একাডেমীর নির্বাহী পরিচালক কাজী তাহমিনা রহমান প্রমুখ।
নাঙ্গলকোটে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট এ. আর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়। সাবেক প্রধান শিক্ষক আবদুল গফুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ সাদেক হোসেন ভুঁইয়া, অধ্যক্ষ আবু ইউছুফ, মাষ্টার আবদুর রব ভুঁইয়া, একেএম মনিরুজ্জামান খান, প্রাক্তন ছাত্র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস ইউং সহকারী সামছুদ্দিন দিদার, আনোয়ার হোসেন নয়ন, একেএম বশিরুজ্জামান, আনোয়ার হোসেন মুকুল, আবু ইউছুফ মজুমদার, মাষ্টার কলিম উল্লাহ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক নজির আহমেদ মজুমদার প্রমুখ।
