যশোরে বৈশাখী অনুষ্ঠানে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২৩:২৯
যশোর শহরের সিটি কলেজপাড়ায় তুচ্ছ ঘটনায় তর্ক বিতর্কের জের ধরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত ইসলাম (২০) শহরের সিটি কলেজপাড়া বৌবাজার এলাকার আফজাল হোসেনের ছেলে। শুক্রবার রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় অভি (২২) নামে আরও এক যুবক আহত হন। তার বাড়িও বৌবাজার এলাকায়। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, সিটি কলেজপাড়ায় ‘সপ্তসুর’ নামে একটি সংগঠনের বৈশাখী অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে দর্শকসারিতে থাকা ইসলামের সাথে হাফিজুর নামে এক যুবকের তর্কাতর্কি হয়। এ নিয়ে বিরোধের সূত্র ধরে হাফিজুর ও তার কয়েকজন সহযোগী ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় হামলাকারীদের ঠেকাতে গিয়ে আহত হন অভি। পুলিশ লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আহত অভিকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।