সোনালি আঁশ

পাটের সুদিন ফিরছে

আপডেট : ২৪ মে ২০১৯, ২১:১৬

সোনালি আঁশ পাট বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। উন্নত গুণগত মানের কারণেই বাংলাদেশের পাটের খ্যাতি বিশ্বব্যাপী। পরিবেশ বান্ধব পাট এবং পাটজাতপণ্য ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি হয় না। একসময় এদেশের রপ্তানি পণ্য তালিকায় সোনালি আঁশ পাটের স্থান ছিল সবার শীর্ষে। আশি দশকের দিকে পাটের বিকল্প হিসেবে পলিথিনসহ বিভিন্ন সিনথেটিক পণ্যের প্রচলনের ফলে স্থানীয় বাজারে পাটের কদর কিছুটা কমে যায়। পাটের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা বিকল্প ফসল চাষে গুরুত্ব দেয়। তখন নানাবিধ কারণে বিভিন্ন পাটকল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বর্তমান সরকার পাটখাতের সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

বর্তমান সরকার সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের কারণে পাটখাতের সোনালি ঐতিহ্যের সোনালি সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। প্রাপ্ত তথ্য থেকে জানা যায় আন্তর্জাতিক বাজারে দেশের পাট ও পাটজাত পণ্যের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও উত্পাদন ও পণ্য বহুমুখীকরণের ব্যর্থতায় পর্যাপ্ত রপ্তানি করা সম্ভব হচ্ছে না। এরপরও ইউরোপের বাজারে প্লাস্টিক পণ্য বর্জনের ঘোষণায় বিশ্ববাজারে এই খাতের আয় প্রতিনিয়ত বাড়ছে। বিশ্বের প্রায় ৮০টির বেশি দেশে এই দেশের পাটজাত পণ্য রপ্তানি হয়। বিশ্ববাজারে পাটের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পাটের দামও বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে জানা যায়, চলতি ২০১৭-২০১৮ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) পাট এবং পাটজাত পণ্য রপ্তানি থেকে ৬৬ কোটি ১৮ লাখ মার্কিন ডলার আয় হয়েছে। যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১১ শতাংশ বেশি। ইপিবির সূত্রমতে জানা যায়, গত সাত মাসে কাঁচা পাট রপ্তানিতে আয় হয়েছে ৯ কোটি ৫৫ লাখ ডলার। পাটসুতাও কুন্ডলী রপ্তানিতে আয় হয়েছে ৪১ কোটি ৪৬ লাখ ডলার। পাটের বস্তা ও ব্যাগ রপ্তানি হয়েছে ১২ কোটি ৭৫ ডলার এবং পাটজাত অন্যান্য পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৬ কোটি ৯১ লাখ ডলার। পাটের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। গত ৬ মার্চ পাট দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাটজাত পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। এই মেলায় বিভিন্ন পাটজাত পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান তাদের উত্পাদিত পণ্যের সমাবেশ ঘটান। মেলায় পাটের চেয়ার, ক্লাসরুম বেঞ্চ, বেড সাইড লকার, পাটের ব্যাগ, ক্যাপ, ফার্নিচার, গৃহস্থালী ব্যবহূত বেশ কিছু বাহারি পণ্য। মেলায় দুই শতাধিক পাটজাত পণ্য প্রদর্শিত হয়। উন্নত দেশগুলোতে প্রাকৃতিক তন্তর চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পাটের জিনোম সিকুয়েন্স উন্মোচন, পাট ব্যবহার করে ভিসকম, কম্পোজিট জুট গার্মেন্টস ও পাটপাতার চা উদ্ভাবন, জুট জিও টেক্সটাইল ব্যবহার, পাটকাঠি থেকে চারকোল বা অ্যাক্টিভেটেড কার্বন এবং জুট পলিমার হতে সোনালি ব্যাগ তৈরির কার্যক্রম সোনালি আঁশ পাটখাতের অপার সম্ভাবনার হাতছানি দিচ্ছে। পাটের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে পাটের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, কৃষকদের পাটের ন্যায্যমূল্য প্রাপ্তি, পরিবেশ রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টি হবে, ফলে গ্রামীণ অর্থনীতি সচল হবে, হ্রাস পাবে দারিদ্র্যতা, সমৃদ্ধ হবে সোনার বাংলা এবং বেগবান হবে সোনালি আঁশের অগ্রযাত্রা।

n লেখক :বীমা কর্মকর্তা