যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে নরসিংদীতে আহত ছয়

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২১:৩১
চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৬ ব্যক্তি আহত হয়েছে। গত শনিবার শিবপুর উপজেলা শহরে এ ঘটনাটি সংঘটিত হয়েছে। আহতদের মধ্যে আনোয়ার হোসেন, জাকির হোসেন, ভুলু মিয়া, কামাল ও শেখ কামাল নামে ৬ জন যুবলীগ কর্মীর নাম জানা গেছে। শিবপুরের দুলালপুর এলাকায় একদল বালুদস্যু দীর্ঘদিন যাবত্ অবৈধভাবে বালু উত্তোলন করে মোটা অংকের টাকা কামিয়ে আসছে। এই অবৈধ বালু ব্যবসা থেকে চাঁদাবাজি করছে যুবলীগ ও ছাত্রলীগের এক শ্রেণীর নেতাকর্মী। এই চাঁদাবাজির টাকা ভাগাভাগিতে যুবলীগের নেতাকর্মীরা বেশি টাকা নেয়ায় দীর্ঘদিন যাবত্ ছাত্রলীগ কর্মীদের মধ্যে অসন্তোষ চলে আসছিলো। শনিবার একইভাবে চাঁদাবাজির টাকা ভাগাভাগির সময় যুবলীগ কর্মীরা বেশি টাকা নেয়ায় ক্ষিপ্ত হয় ছাত্রলীগ কর্মীরা। দুপুর সাড়ে ১২টায় ছাত্রলীগ কর্মী শফিক মোল্লা ও কাশেম মোল্লার নেতৃত্বে ছাত্রলীগের একদল উচ্ছৃঙ্খল কর্মী লাঠিসোটা নিয়ে যুবলীগ কর্মীদের উপর হামলা চালায়। এসময় তারা যুবলীগ কর্মীদেরকে পিটিয়ে আহত করে তাদের নিকট থেকে চাঁদাবাজির টাকা সব ছিনিয়ে নিয়ে যায়। শিবপুর থানা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান জানান, উভয় গ্রুপ দীর্ঘদিন বালুর টাকা চাঁদাবাজি করে আসছে। সে টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।