সাম্প্রতিক সময়টা মোটেই ভাল যাচ্ছে না লিওনেল মেসির। টানা চারবারের ফিফা বর্ষসেরা এই তারকার বার্সেলোনার হয়ে গত কয়েকটি ম্যাচের পারফরম্যান্স মোটেই আশানুরূপ ছিল না। চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন বিসর্জন দেয়ার পাশাপাশি জেঁকে বসেছে লিগ শিরোপা খোয়ানোর শঙ্কাও। আর ক্লাবের এই দুর্দশার পেছনে সমালোচকরা দুষছেন মেসির বাজে ফর্মকেই। এই দুঃসময়ে আর্জেন্টাইন এই খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছেন বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেও। বাজে ফর্মের ধারা ভেঙ্গে মেসি অচিরেই তার চিরচেনা অপ্রতিরোধ্য রূপে ফিরবেন বলে আত্মবিশ্বাসী বার্তেমেও। আর মেসির হাত ধরেই ক্লাব পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করবে কাতালানরা।
স্প্যানিশ টেলিভিশন টিভি-৩ কে বার্তেমেও বলেছেন, ‘আমি মনে করি মেসির প্রতি মানুষ মোটেই সুবিচার করছে না। গত কয়েক বছরে সে আমাদের অনেক জয়ে নেতৃত্ব দিয়েছে। সে দলকে নেতৃত্ব দিচ্ছে এবং এই কাজ সে বেশ সুচারুরূপে পালন করছে। ভবিষ্যতেও তার এই নেতৃত্ব বজায় থাকবে এতে কোন সন্দেহ নেই। সে বয়সে এখনো তরুণ, সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং তার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।’ চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে পরাজিত হয়ে বিদায় নেবার পরে স্প্যানিশ লীগে গেতাফের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয় বার্সেলোনা। সম্প্রতি কোপা ডেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করে। এসব কারণেই মেসিকে নিয়ে সমালোচনা শুরু হয়।
কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বার্তেমেও বলেছেন, মেসির সাথে নতুন চুক্তির বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কোন ধরনের দ্বিমত নেই। তিনি বলেন, ২০১৮ সাল পর্যন্ত মেসির সাথে আমাদের চুক্তি হয়েছে; কিন্তু ফুটবলে বর্তমান অবস্থাটা এমন যে তার সঙ্গে চুক্তিবৃদ্ধির বিষয়টি নিয়ে আমাদের এখনই ভাবতে হবে।’-বাসস
