তদন্তে সংসদীয় উপকমিটি

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২৩:২৩
৫৩ হাজার ভুয়া জাতীয় পরিচয়পত্র কীভাবে তৈরি হলো, তা খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট সংসদীয় উপকমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই উপকমিটি গঠন করা হয়। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য মোস্তফা লুত্ফুল্লাহ সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে উপকমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আহ্বায়ক ও আবদুর রহমানকে সদস্য করে এই উপকমিটি গঠন করা হয়। প্রসঙ্গত রাজধানীর ধোলাইরপাড় ও গাজীপুরের টঙ্গী এলাকা থেকে শনিবার ৫৩ হাজার ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ দুজনকে আটক করে পুলিশ। স্থায়ী কমিটির বৈঠকে জনপ্রশাসনে কর্মরত কর্মকর্তাদের যুগোপযোগী প্রশিক্ষণ দেয়ার জন্য বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এবিএম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আবদুর রহমান, সুকুমার রঞ্জন ঘোষ, মোহাম্মদ আব্দুল্লাহ, মোস্তফা লুত্ফুল্লাহ ও আমিনা আহমেদ যোগ দেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।