স্ত্রীকে নকল সরবরাহ করায় এএসআইয়ের কারাদণ্ড

আপডেট : ২৪ মে ২০১৯, ২১:৪০

শিক্ষক নিয়োগ পরীক্ষা

ইত্তেফাক ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে গতকাল শুক্রবার অসদুপায় অবলম্বন ও নকল সরবরাহের দায়ে কয়েকজনকে আটকসহ কারাদণ্ড প্রদান করা হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

পটুয়াখালী:পটুয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে সদর সার্কেল অফিসের পুলিশের উপ-সহকারী পরির্দশক (এএসআই) মাহবুবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুর ১২টায় পটুয়াখালী রশিদ কিশলয় বিদ্যায়তন পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রট উম্মে হাবিবা এই রায় প্রদান করেন।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান, অভিযুক্ত পুলিশ সদস্য পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব না থাকা সত্ত্বেও পুলিশের পোশাক পরে বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পরীক্ষার সংশোধন করা উত্তর (পরীক্ষার্থী তার স্ত্রী)কে সরবরাহ করছিল। এ সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তিনি ম্যাজিস্ট্রেটের কথা অমান্য করেন। এ সময় অন্য পুলিশের উপস্থিতিতে তার কাছ থেকে উত্তর পত্রের সংশোধন করা কাগজ উদ্ধার করা হয়।

অভিযুক্ত পুলিশের উপ-সহকারী পরির্দশক (এএসআই) মাহবুবুর রহমান পটুয়াখালী সদর সার্কেল অফিসে কর্মরত ছিলেন।

অসদুপায় অবলম্বনের দায়ে

পাবনায় আটক আট

পাবনা:সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে পাবনায় আটজনকে আটক করেছে পুলিশ। শহরের রাধানগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আটককৃত যুবকেরা পরীক্ষায় জালিয়াতিতে যুক্ত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। তিনি জানান, পরীক্ষা চলাকালে সরকারি এডওয়ার্ড কলেজ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র থেকেও অসুদাপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুরে প্রশ্নপত্র ফাঁসের

অভিযোগে একজন আটক

লক্ষ্মীপুর:লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মো. সোলায়মান নামে একজনকে আটক করছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে সোলায়মানের কাছে থাকা তার ব্যবহূত মোবাইল ফোনে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়ায় লক্ষ্মীপুর সরকারী কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোলায়মান প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করে বলেন, ২৫ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র মোবাইল ফোনে পাঠিয়েছে জাহিদ নামে তার এক সহযোগি। এর বেশি কিছু বলতে রাজি নয় সে। অপরদিকে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, মোবাইল ফোনে প্রশ্নপত্রের আলামত পাওয়ায় সোলায়মান নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।