পূর্ব ইউক্রেনে হতাহতের ঘটনায় রাশিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২১:০৬
পূর্ব ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরের কাছে রুশপন্থীদের একটি তল্লাশিকেন্দ্রে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। ইউক্রেনের উত্তেজনা বাড়িয়ে দেয়া ঐ ঘটনার তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। তল্লাশি কেন্দ্রে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ হামলার পেছনে আছে ইউক্রেনের কট্টর ডানপন্থি গ্রুপ ‘রাইট সেক্টর’। এক বিবৃতিতে মস্কো আরো বলেছে, ‘বন্দুকধারীদের উস্কানিতে রাশিয়া ক্ষুব্ধ। এ হামলার ঘটনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ও উগ্রবাদীদেরকে নিরস্ত্র করার ব্যাপারে কিয়েভ কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবই প্রতিফলিত হয়েছে।’ একই ধরনের অভিযোগ করেছে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরাও। তবে ‘রাইট সেক্টর’ অভিযোগ অস্বীকার করে এ হামলার দায় চাপিয়েছে রাশিয়ার বিশেষ বাহিনীর ওপর। উল্লেখ্য, রবিবার রাত দুইটার দিকে রুশপন্থীদের ওপর হামলার পর ঘটনাস্থলে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখার কথা জানান সাংবাদিকরা। নিহতদের একজনের মাথা ও মুখে গুলি লাগে। নিহত আরেকজন ছিলেন ছদ্মবেশী পোশাক পরিহিত। এদিকে, ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্দুকযুদ্ধে তিনজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তা তদন্তের ঘোষণা দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান ভিক্টোরিয়া সিউমার বলেন, এই হামলার জন্য কারা দায়ী তা বলার সময় এখনো হয়নি। তিনি জানান, অপরাধী গ্রুপগুলো এ ঘটনার পেছনে থাকতে পারে। তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে অপরাধের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে’। পূর্ব ইউক্রেনে রুশপন্থিদের বিভিন্ন সরকারি ভবন দখল করে রাখার মধ্যেই রবিবার রাতে গোলাগুলির ঘটনাটি ঘটল।