সান্তাহারে আবার মন্দিরে চুরি

আপডেট : ২৪ মে ২০১৯, ২১:৪১

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘির সান্তাহারে একের পর এক মন্দির চুরির ঘটনা ঘটছে। মন্দির চুরির ঘটনায় সনাতন ধর্মীয় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত বৃহস্পতিবার আবারো ডালপট্টি নারায়ণ পারিবারিক মন্দিরে চুরি হয়। জানালার গ্রিল ভেঙে মন্দিরে টিনের সিলিং কেটে প্রায় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

মন্দিরে পূজার দায়িত্বে থাকা ঠাকুর সুজিত চক্রবর্তী জানান, সান্তাহারে ১০০ বছরের পুরোনো পারিবারিক নারায়ণ মন্দিরে বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় পূজা শেষ করে বাসায় চলে যান। মন্দিরের টিনের সার্টারিং ভেঙে কাঁসার, পিতলের থালা, পিতলের ঘটি,  লক্ষ্মী নারায়ণ মূর্তি,  গোপাল মূর্তি,  গনেশ মূর্তিসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল সান্তাহার পৌর শহরের রথবাড়ী মহল্লায় রাধামাধব মন্দিরে চুরি সংঘটিত হয়।