বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২৩:২৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম হত্যাকারী লে. কর্নেল (অব.) এ এম রাশেদ চৌধুরীর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের বিষয়ে গঠিত টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গত ৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন দক্ষিণ শাখার বিশেষ পুলিশ সুপার আব্দুল বাহার আখন্দ সম্পত্তি ক্রোকের নির্দেশপত্র দেন। এরপর চাঁদপুর জেলা পুলিশ সুপার গত ৮ এপ্রিল হাজীগঞ্জ থানার ওসি শাহ আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। হাজীগঞ্জ থানা পুলিশ স্মারকলিপির মাধ্যমে গত ৯ এপ্রিল সম্পত্তি সনাক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, সম্পত্তি সনাক্তসহ প্রয়োজনীয় সহযোগিতা করতে পুলিশ প্রস্তুত রয়েছে। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা বলেন, গ্রামের বাড়িতে তার একক ব্যক্তি মালিকানাধীন কোনো স্থাবর সম্পত্তি নেই। যে সম্পত্তি রয়েছে তা তাদের ৮ ভাই ও ১ বোনের ওয়ারিশ গংদের সম্পত্তি। তাদের ওই যৌথ মালিকানাধীন সম্পত্তির মধ্যে রাশেদ চৌধুরীর সম্পত্তি আলাদাভাবে সনাক্ত করা হয়েছে। ২-১ দিনের মধ্যে এসব সম্পত্তি লাল পতাকা ও সাইনবোর্ড টানিয়ে সনাক্ত করা হবে।