তোমাদের জন্য লেখা

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ১৯:০৪
মরুপথে লায়লা নিখোঁজ ‘মরুপথে লায়লা নিখোঁজ’ একখানি কমিকসের বই। বিলেত, ফ্রান্স, জার্মান, হল্যান্ড, ইতালি, নরওয়ে, চীন, ভারত, পাকিস্তানসহ গোটা বিশ্বের ছোটরা কমিকস পড়তে ও দেখতে ভীষণ ভালোবাসে। একটি পূর্ণাঙ্গ উপাখ্যান ‘মরুপথে লায়লা নিখোঁজ’ বইটিতে বর্ণনা করা হয়েছে। এটি লিখেছেন ওয়ালিউদ্দিন কিবরিয়া। এই উপাখ্যানটির সময়কাল হচ্ছে ২০৯৬ সাল। আর এর ভৌগোলিক প্রেক্ষাপট হচ্ছে আফ্রিকায় অবস্থিত বৃহত্তম মরু অঞ্চল। মূলত উপাখ্যানটি মিশরীয় পিরামিড সদৃশ্য সুবিশাল এক স্থাপনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। উন্নতমানের কাগজে এবং চার রঙে ছাপা। অলঙ্করণগুলো আকর্ষণীয়। এগুলো লেখকের আঁকা। প্রচ্ছদ পটটিও সুন্দর। এটি ছাপা হয়েছে ৭০/২ মগবাজার, ঢাকা থেকে। মূল্য: তিনশ’ টাকা নির্ধারণ, একটু বেশিই মনে হয়। কাঁঠালপাতা এপিক কমিকসের আববার সিরিজের এই বইটি ছোটদের কাছে আদৃত হবে। হুলো বিড়ালের সিনেমা দেখা হুলো বিড়ালের সিনেমা দেখা একখানি গল্পের বই। বইটি লিখেছেন সুপরিচিত লেখক মোশারফ হোসেন ভূঞা। মোশারফ হোসেন ভূঞা দীর্ঘদিন ধরে ছোটদের জন্য লিখে আসছেন। তার শিশুতোষ গ্রন্থ কাঁকড়া নাচে তাধিনতা, পুঁটি মাছের মোছ ও রাতকানা ভূত ছোটদের কাছে আদৃত হয়েছে। আলোচ্য বইটি একটি হুলো বিড়ালকে নিয়ে গল্প। বিড়ালটি পেঁচার মুখে গল্প শুনে সিনেমা হলে গেলে মজার মজার ঘটনা ঘটে। বইটি চার রঙে ছাপা। পাতাভর্তি অলঙ্করণ। এগুলো সুমন বৈদ্যের আঁকা। বইটি ছাপা হয়েছে ঢাকার নলেজ ভিউ থেকে। মূল্য আশি টাকা। বইটি ছোটদের ভীষণ ভালো লাগবে। খালেক বিন জয়েনউদদীন