বিক্রির সংখ্যায় মাইক্রোসফটের গেম কনসোল এক্সবক্স ওয়ানের চাইতে এগিয়ে রয়েছে সনির প্লেস্টেশন ৪। প্রতিদ্বন্দ্বী এই দুই গেম কনসোল গত বছরের শেষের দিকে বাজারে আসে মাত্র সপ্তাহখানেকের ব্যবধানে। সনি জানিয়েছে, বিক্রি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭ মিলিয়ন প্লেস্টেশন ৪ বিক্রি হয়েছে। অন্যদিকে মাইক্রোসফটের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এক্সবক্স ওয়ানের বিক্রির পরিমাণ ৫ মিলিয়ন। অবশ্য সনির হিসাব দেখানো হয়েছে ক্রেতা পর্যায়ে বিক্রির, অন্যদিকে মাইক্রোসফটের হিসাব দেখানো হয়েছে রিসেলারদের কাছে বিক্রির। ফলে স্পষ্ট ব্যবধানেই এক্সবক্স ওয়ানের চাইতে বিক্রির সংখ্যায় এগিয়ে রয়েছে প্লেস্টেশন ৪। তবে বিক্রির সংখ্যায় প্লেস্টেশন ৪-এর তুলনায় পিছিয়ে থাকলেও মাইক্রোসফটের পক্ষ থেকে এক্সবক্স ওয়ানের বিক্রির সংখ্যাকে সন্তোষজনক হিসেবেই অভিহিত করা হয়েছে।
