সালিশ কেন্দ্র প্রতিষ্ঠা করবে এফবিসিসিআই

আপডেট : ২৪ মে ২০১৯, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

দেশে ব্যবসা সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আরবিট্রেশন সেন্টার বা সালিশ কেন্দ্র প্রতিষ্ঠা করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এর ফলে ব্যবসায় পরিচালনার ব্যয় কমে আসবে বলে মনে করছে সংগঠনটি। গতকাল শুক্রবার এফবিসিসিআইয়ের নবনির্বাচিত নেতৃবৃন্দ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় সংগঠনটির ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ‘এফবিসিসিআই টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের’ কার্যক্রম শিগগিরই চালু করা হবে। এছাড়া অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি কাঠামো তৈরির লক্ষ্যে ইকোনমিক ইনস্টিটিউট ও চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষিতে নতুন নতুন উদ্ভাবনের প্রয়োজনে বিজ্ঞান, প্রযুক্তি, কর্মকৌশল এবং গণিতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ‘এফবিসিসিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, হাসিনা নেওয়াজ, দিলীপ কুমার আগরওয়ালা, মীর নিজাম উদ্দিন, নিজাম উদ্দিন রাজেশসহ সংগঠনের পরিচালকবৃন্দ। গত ১৯ মে শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে এফবিসিসিআইয়ের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।