সিরিয়ায় নির্বাচনের ঘোষণায় পশ্চিমাদের নিন্দা

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:১২
আগামী ৩ জুন সিরিয়ায় সাধারণ নির্বাচন ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জাতিসংঘ, পশ্চিমা ও আরব উপসাগরীয় দেশগুলো। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ ঘোষণাকে গণতন্ত্রের জন্য তামাশা উল্লেখ করে বলেছেন, এ ঘোষণার মাধ্যমে আলোচনা বন্ধ করার পথ রুদ্ধ করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কিন্তু আলোচনার মাধ্যমে সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন সাকি বলেন, সিরিয়ার এ নির্বাচন গণতন্ত্রের প্রতি একটি বিদ্রূপ। ব্রিটেনের পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, বাশার আল আসাদের স্বৈরশাসন অব্যাহত রাখার উদ্দেশ্যেই এই নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে। সরকার বিরোধীরা বলছে, এ ঘোষণার মধ্য দিয়ে আসাদ যে দেশে লড়াই-সংঘাতের রাজনৈতিক সমাধান খুঁজতে চান না, তা স্পষ্ট করেছেন। তিনি বিরোধীদের উপেক্ষা করে ক্ষমতা আরো সুসংহত করারই পট প্রস্তুত করছেন। গত সোমবার দেশটির জাতীয় সংসদের স্পিকার মুহাম্মাদ আল-লাহাম রাষ্ট্রীয় টেলিভিশনে নির্বাচনের ঘোষণা দেন। যেখানে শর্ত দেয়া হয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে গত ১০ বছর সিরিয়ায় বসবাসকারী সিরীয় নাগরিক হতে হবে।