উবুন্টু ১৪.০৪

উবুন্টুর নতুন সংস্করণ

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:৩৮
প্রতিবছরের মতো এবারেও চলতি এপ্রিল মাসেই অবমুক্ত হয়েছে উন্মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সের উবুন্টু ডিস্ট্রিবিউশনের নতুন সংস্করণ উবুন্টু ১৪.০৪। বলা হচ্ছে এখন পর্যন্ত উবুন্টুর সকল ডেস্কটপ সংস্করণের মধ্যে এটিই সেরা। চমত্কার গ্রাফিক্যাল ইন্টারফেস আর নতুন নতুন ফিচার নিয়ে এই সংস্করণটি প্রযুক্তি বিশ্বে সারা ফেলতে সক্ষম হবে বলেই ধারণা করছে উবুন্টু নির্মাতা ক্যানোনিক্যাল। উবুন্টুর নতুন এই সংস্করণটি সম্পর্কে জানাচ্ছেন মোজাহেদুল ইসলাম বিশ্বব্যাপী কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজের জনপ্রিয়তা প্রশ্নাতীত। পাশাপাশি অ্যাপল’র ম্যাকিন্টোশ অপারেটিং সিস্টেমও বড় একটি বাজার দখল করে রেখেছে। তবে এগুলোর সবই লাইসেন্স সফটওয়্যার। বড় অংকের টাকা খরচ করেই এসব অপারেটিং সিস্টেমের অরিজিনাল সংস্করণ কিনে নিয়ে ব্যবহার করতে হয়। এসবের বাইরে উন্মুক্ত অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্সের একটি ডিস্ট্রিবিউশন হিসেবে উবুন্টু ইতোমধ্যেই বিশ্বব্যাপী যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। উন্মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্স মূলত কাজ করত কমান্ড লাইনে। ফলে প্রোগ্রামার বা টেকনিক্যাল মানুষরা ছাড়া সাধারণ ব্যবহারকারীদের কাছে এটি খুব একটা গ্রহণযোগ্য ছিল না। এই ধারার পরিবর্তন করে দেয় উবুন্টু। প্রচলিত উইন্ডোজের মতোই গ্রাফিক্যাল ইন্টারফেস নিয়ে এসে এটি সাধারণ ব্যবহারকারীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। ধীরে ধীরে এর গ্রাফিক্যাল ইন্টারফেসের উন্নয়নও ঘটতে থাকে। আর এরই সর্বশেষ সংস্করণ হিসেবেই চলতি এপ্রিলে অবমুক্ত হয়েছে উবুন্টু ১৪.০৪। ‘ট্রাস্টি টাহ্র’ কোড নামের এই সংস্করণটিকে এ যাবতকালের সব উবুন্টু সংস্করণের মধ্যে সেরা বলছেন প্রযুক্তি বিশ্লেষকরা। কেবল এন্ড ইউজারদের জন্যই নয়, উবুন্টুর এই সংস্করণ প্রফেশনালদের জন্যও সমানভাবে উপযোগী বলে মন্তব্য তাদের। উবুন্টুর এই নতুন সংস্করণের একটি বড় সুবিধা হচ্ছে একে টাচ এবং নন-টাচ উভয় ডিভাইসেই ব্যবহার করা যায়। ফলে ডেস্কটপ বা ল্যাপটপের বাইরে ট্যাবলেট পিসির মতো মোবাইল ডিভাইসেও চলবে উবুন্টু ১৪.০৪। এ ছাড়া একে ‘লং টার্ম সাপোর্ট (এলটিএস)’ সংস্করণ হিসেবে ঘোষণা দিয়েছে ক্যানোক্যািল। ফলে এর জন্য পাঁচ বছরের সেবা নিশ্চিত করবে ক্যানোনিক্যাল। আর এর মধ্যে বরাবরের মতোই প্রতিবছরই আসবে উবুন্টুর নতুন নতুন সংস্করণ। স্ট্যাবল একটি সংস্করণ হিসেবে উবুন্টুর এই সংস্করণে রয়েছে ইউনিটি ৭ গ্রাফিক্যাল ইন্টারফেস। তবে যারা জিনোম, কেডিই বা জিনোম-নির্ভর সিন্যামন ইন্টারফেসেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা সেই ইন্টারফেস ব্যবহারেরও সুযোগ পাবেন। তবে ইউনিটি ৭ ইন্টারফেসকেও আরও অনেক বেশি মসৃণ এবং সহজে ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে এই সংস্করণে। এটি করতে গিয়েই ইউনিটি ইন্টারফেসের আগের কিছু ফিচার বাদ দিয়েও দেওয়া হয়েছে। যেমন, এর আগের সংস্করণে মেন্যু বারগুলো অ্যাপলের ম্যাকওএসএক্স-এর মতো একক একটি বারে প্রদর্শিত হত। নতুন সংস্করণে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে লোকাল মেন্যু বার। এই সংস্করণে বেজ অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লিনাক্স ৩.১৩ কার্নেল। সিকিউরিটি এবং নেটওয়ার্কিংয়ে এই কার্নেল অনেক বেশি সুরক্ষিত। উবুন্টুর এই সংস্করণে আগের মতোই সব ওপেন সোর্স সফটওয়্যার বিল্ট-ইন রয়েছে। এতে ওয়েব ব্রাউজার হিসেবে রয়েছে মজিলা ফায়ারফক্স, অফিস স্যুট হিসেবে রয়েছে লিবারঅফিস ১.২.৩, ইমেইল ক্লায়েন্ট হিসেবে রয়েছে থান্ডারবার্ড। তবে উবুন্টুর নিজস্ব সফটওয়্যার সেন্টার থেকে প্রয়োজনীয় এবং পছন্দের অন্যান্য সব বিকল্প অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেওয়ার সুযোগও রয়েছে। সমৃদ্ধ এই সফটওয়্যার সেন্টারে বিনামূল্যেই মিলবে প্রয়োজনীয় সব কাজের সব সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন। উবুন্টুর নতুন এই সংস্করণের ইনস্টলও আগের তুলনায় সহজ করা হয়েছে। সবমিলিয়ে উন্মুক্ত অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টুর নতুন সংস্করণটি মন জয় করে নিতে প্রস্তুত প্রযুক্তিপ্রেমীদের।