গ্যাজেট : সনি ডিজিটাল রেকর্ডিং বাইনোকুলার

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:৩৯
প্রকৃতিপ্রেমীদের অনেকেই বাইনোকুলার ব্যবহার করে থাকেন। আবার খেলা দেখা বা এই ধরনের কাজের জন্যও বাইনোকুলার অত্যন্ত প্রয়োজনীয় একটি যন্ত্র। তবে প্রকৃতি বা খেলা শুধু দেখাই নয়, যদি রেকর্ডও করা যায় সাথে সাথে, তাহলে সেটি অনেকের কাছেই পরিণত হবে আকাঙ্ক্ষিত একটি ডিভাইসে। এরকমই একটি ডিভাইস সনির ডেভ-৫০ভি মডেলের ডিজিটাল রেকর্ডিং বাইনোকুলার। ওজনে হালকা এবং তরল ও ধুলারোধী এই বাইনোকুলার যেকোনো কিছু দূর থেকে দেখার সুবিধা প্রদানের পাশাপাশি সেগুলো রেকর্ড করার সুবিধাও প্রদান করবে। এর ২০.৪ মেগাপিক্সেল ক্যামেরায় এইচডি মানের ভিডিও রেকর্ড করা যাবে। আর স্টিল ফটোগ্রাফির সুবিধা তো থাকছেই। ভালো রেজ্যুলেশনের পরিচ্ছন্ন ছবি নিশ্চিত করতে এতে রয়েছে এক্সজিএ-ওএলইডি ট্রু-ফাইন্ডার। ইমেজ স্ট্যাবিলাইজেশন কিংবা ২৫এক্স অপটিক্যাল জুম একে সব ধরনের ব্যবহারকারীর জন্যই উপযোগী করেছে। বিল্ট-ইন জিপিএস ছাড়াও এর আরেকটি আকর্ষণীয় ফিচার হচ্ছে থ্রিডি ভিডিও রেকর্ডের সুবিধা!