আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি জামায়াত জোটকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচন করছেন সুখের কথা, আনন্দের খবর। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কোনো চক্রান্ত করা হলে এদেশের জনগণ ভোটের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে।
গতকাল বুধবার দুপুরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, ঐক্যফ্রন্টের নামে কতিপয় রাজনৈতিক এতিম বিএনপি জোটের সাথে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিয়ে স্রোতে গা-ভাসাতে চাচ্ছেন। জনবিচ্ছিন্ন এসব নেতাও জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে। নির্বাচনে তাদের চরম পরাজয় হবে। গত ১০ বছরে শেখ হাসিনার সরকার দেশে অভাবনীয় উন্নয়ন করেছেন উল্লেখ করে মোহাম্মদ নাসিম আরো বলেন, শুধু শহর নয়- বর্তমান সরকারের আমলে গ্রাম অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেয়া হয়েছে। রাস্তা ঘাট অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।
কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে লাভ হবে না মন্তব্য করে নাসিম বলেন, নির্বাচন ঠেকানোর ক্ষমতাও কারো নেই। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। ওই নির্বাচনী মাঠে যারা ফাউল করবে, জনগণ তাদের লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্ব এদেশের জনগণ আলোর পথ পেয়েছে। কেউ আর অন্ধকারের পথে, জঙ্গীবাদের পথে ফিরে যেতে চায় না। হাওয়া ভবনের শাসন দেখতে চায় না।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকা। সমাবেশে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হাসান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর বুধবার পর্যন্ত তার নির্বাচনী এলাকা কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যোগ দেন। তিনি যমুনা নদীর দুর্গম চরাঞ্চলেও কর্মসূচিতে অংশ নেন।
